যশোরে বাস ডাকাতিতে পুলিশসহ ৫ জন আহত, আটক ১
যশোর-সাতক্ষীরা সড়কে বুধবার রাতে একটি যাত্রিবাহী বাসে (নং-ফরিদপুর-ব-৩০১) ডাকাতির ঘটনায় ৪ পুলিশসহ পাঁচ জন আহত হয়েছে।
পুলিশ একজন ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। দুর্বৃত্তরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে।
বাসের যাত্রী ও কোতয়ালি থানা পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৫ টায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা এক্সপ্রেস বাস সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের কুয়াদা নামক স্থানে এসে পৌঁছলে যাত্রিবেশী ডাকাতরা বাস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ মালামাল ছিনিয়ে নেয়। এ সময় যাত্রীরা প্রতিবাদ করায় ডাকাতরা একজনকে ছুরিকাঘাত করে।
ডাকাতি চলাকালে যাত্রীদের চিৎকারে বিষয়টি যশোরের কানাইতলা নামক স্থানে টহল পুলিশের নজরে আসে। যাত্রীদের উদ্ধার করতে গিয়ে ডাকাত দলের সঙ্গে সংঘর্ষে পুলিশের এসআই ইব্রাহিম, কনস্টেবল গোলাম মোস্তফা, মুসলিম উদ্দীন, ওয়াজিউল্লাহ রয়েছেন। পুলিশ মো. এরশাদ আলী নামে এক ডাকাতকে পাকড়াও করলেও অন্যরা পালিয়ে যায়। পুলিশ ও র্যাব সদস্যরা তাকে জিজ্ঞেসাবাদ চালিয়ে যাচ্ছে।
