২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট ও সোর্সের বিরুদ্ধে মামলা, আদালতের তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ

চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে রমনা থানার ট্রাফিক সার্জেন্ট নুরুজ্জামান এবং তার এক সোর্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উত্তর বাড্ডার রিকশা গ্যারেজ মালিক জাহাঙ্গীর আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ঢাকার মহানগর হাকিম এজেডএম আবদুল্লাহ হেল বাকী বুধবার মামলাটি গ্রহণ করে গোয়েন্দা সংস্থার (ডিবি) ডেপুটি কমিশনারকে (ডিসি) তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ৩ অক্টোবর তার গ্যারেজের একজন রিকশাচালক সকাল ৯টায় মৌচাক মোড়ের উত্তর-পশ্চিম পার্শ্বে ফরচুন মার্কেটের কাছে পৌঁছলে সার্জেন্ট নুরুজ্জামান তার রিকশা আটক করে। ওই সময় লাইসেন্স দেখানো সত্ত্বেও অভিযুক্ত সার্জেন্ট তার কাছে তিন হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় চালককে অভিযুক্তরা মারধর করে।

পরে মামলার বাদি গ্যারেজ মালিককে এ বিষয়ে জানানো হলে তিনি ট্রাফিক সার্জেন্টকে দাবিকৃত টাকা দেন। কিন্তু অভিযুক্তরা রিকশা ফেরত না দিয়ে বাদীকে মারধোর ও প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।