চট্টগ্রামের বিচারকদের কাছে অজ্ঞাত ফোন, আতংক
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের একজন মহিলা বিচারকসহ তিন বিচারককে অজ্ঞাতনামা টেলিফোন থেকে বারবার টেলিফোন করা হয়েছে।
এতে চট্টগ্রামের আদালতের বিচারকদের মধ্যে আতংক দেখা দেয়।
বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২ টার মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ (অতিরিক্ত) ও তার দুজন সহকর্মির কাছে তাদের কোর্ট বিল্ডিং’র অফিসে ৭ টি টেলিফোন করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
বিচারকরা ও আদালতের কর্মচারীরা টেলিফোন কলগুলো রিসিভ করেন।
একজন বিচারক বিডিনিউজকে বলেন, বার বার অজ্ঞাতনামা টেলিফোন আমাদের উদ্বিগ্ন করে তোলে। কিন্তু টেলিফোনের অপরপ্রান্ত থেকে কোনো কথা না বলে রিসিভার রেখে দেওয়া হয়।
এদিকে সোমবারের বোমা হামলার প্রতিবাদে ও আদালত পাড়ার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওযায় বুধবার এক সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট দিদারুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন বারের সাবেক সাধারণ সম্পাদক মনতোষ বড়ুয়া, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল প্রমুখ।
