২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২০

বিল দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে কুষ্টিয়ার ভেড়ামরা উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলসুখা গ্রামে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

আশংকাজনক অবস্থায় ছয় জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছে, কালাম মণ্ডল (৩৫), মঞ্জুর আলম (৪৫), ইব্রাহিম (৩০), শফিকুল ইসলাম (৪০), ইমার (১২), সাইদুল (৩০) ও জাকির (৩১)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ধরমপুর ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা আরমান হোসেনর কর্মী বিলসুখা গ্রামের মাছ চাষী আফতাব, আশরাফুল ও আকুব্বর বৃষ্টিতে যাতে বিলে ঘের দেওয়া মাছ ভেসে না যায় সেজন্য জাল দিয়ে ঘিরে দেয়। এসময় পাশ্ববর্তী ক্ষেমড়দিয়া গ্রামের বিএনপি নেতা কালাম মণ্ডলের কর্মী হবিবুর ওরফে হবিরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ক্যাডার বিল পাহারারত আফতাব, আশরাফুল ও আকুব্বরকে মারধর করে মেশিন ঘরের কাছে বেঁধে রাখে। পরে তারা বিলে জাল তুলে ফেলে এবং ঘেরের পাড় কেটে দেয়।

বেঁধে রাখা আফতাব, আশরাফুল ও আকুব্বর বাঁধন ছিঁড়ে পালিয়ে এসে ঘটনাটি গ্রামবাসীর কাছে জানালে ওই রাতেই বিএনপি নেতা আরমান চেয়ারম্যানের ২০ থেকে ২৫ জন ক্যাডার বিলের কাছে গিয়ে বোমাবাজি ও গুলিবর্ষণ শুরু করে। এসময় উভয় পক্ষে মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। দফায় দফায় চলে এ সংঘর্ষ। এতে উভয় গ্রুপের ২০ জন আহত হয়।