বৃহস্পতিবার শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান
খোশ আমদেদ মাহে রমজান। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। বুধবার রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার থেকে বাংলাদেশের মুসলিমরা মাসব্যাপি রোজা রাখবেন।
রমজান সম্পর্কে পবিত্র কোরআনে শরীফে বলা হয়েছে, রমজান মাস সেই মাস, যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। যা মানবজাতির জন্য পথ প্রদর্শক। যাতে রয়েছে হেদায়েতের নিদর্শনসমূহ এবং যা হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী।
হযরত আবু হুরায়রা (রাঃ) হাদিছে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, রমজান মাস আসলে বেহেশতের দরজা খুলে দেওয়া হয়, দোযখের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে জিঞ্জির দ্বারা আবদ্ধ করা হয়। মহানবী (সাঃ) আরো ইরশাদ করেন, অন্যায়-অসুন্দর অশ্লীল কাজ থেকে আত্মরক্ষা ও দোযখের শাস্তি থেকে মুক্তি লাভের জন্য রোযা ঢালস্বরূপ।
বস্তুতঃ পবিত্র মাহে রমজান হচ্ছে সিয়ামের মাস, সাধনার মাস, ত্যাগ-তিতিক্ষার মাস। রমজানের প্রথম দশদিন রহমত, মধ্য দশদিন বরকত ও শেষ দশদিন দোযখের আগুন থেকে নাজাত লাভের। প্রত্যেক সুস্থ ও সবল বালেগ মুসলমানের জন্য রোজা রাখা ফরজ অর্থাৎ অবশ্য পালনীয় কর্তব্য।
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
এছাড়াও জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (জেপি), জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক বিবৃতি দিয়েছেন।
