২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা চিড়িয়াখানার প্রাণী জাদুঘর এখন পশু-পাখির ভাগাড়!

ঢাকার মিরপুর চিড়িয়াখানার প্রাণী জাদুঘরে চলছে নানা অনিয়ম আর অব্যবস্থাপনা। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও কর্তৃপক্ষ নির্বিকার। দেশের একমাত্র প্রাণী জাদুঘরটির দুরাবস্থা দেখে মনে হতেই পারে, এটি যেনো মৃত পশু-পাখির ভাগাড়!

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

চিড়িয়াখানার পশ্চিমাংশে একতলা একটি ভবনে গাদাগাদি করে সাজানো হয়েছে প্রাণী জাদুঘর। আকর্ষণহীন চিড়িয়াখানায় ১০ টাকার টিকিটে প্রবেশ করার পরও প্রাণী যাদুঘরে ঢুকতে লাগে আরো দুটাকা।

চিড়িয়াখানায় ঢুকলেই শোনা যায় মাইকে বিরক্তিকর কন্ঠে জাদুঘরের প্রাণীদের বর্ণনা। ‘বনমানুষটি এখানে, জিরাফটি দেখে যান, একটি গরুর দুইটি মাথা, তিনটি চোখ....’। এ ধরণের বর্ণনা শুনে যদিও বা কেউ কৌতুহল মেটাতে ভেতরে প্রবেশ করেন, হতাশ তাকে হতেই হবে।

এ জাদুঘরটিতে ৭৯১টি প্রাণীর মধ্যে বেশ কয়েকটিকে মমি করে ও অ্যাকুরিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। সেকেলে পদ্ধতিতে মমিগুলো সাজিয়ে রাখায় এগুলো দর্শনার্থী টানতে পারছে না।

জাদুঘরের সেলফগুলোতে জমে আছে ধুলো-বালি। মমিগুলো নিয়মিত পরিস্কার না করায় ময়লা জমে বিবর্ণ হয়ে গেছে।

জিরাফের একমাত্র মমিটিও রাখা হয়েছে একেবারে অযত্ন অবহেলায়। মমিগুলোর মধ্যে রয়েছে শিয়াল, হরিণ ও বানর জাতীয় প্রাণী। তবে কোনটি বনমানুষ, আর কোনটি শিম্পাঞ্জি তা বোঝা মুশকিল। মমি করতে গিয়ে এগুলোর চেহারা বিকৃত হয়ে গেছে। খোলা আকাশের নীচে রাখা হয়েছে তিমির কঙ্কাল।

অ্যাকুরিয়ামে টাকি, শিং, পুঁটি, কৈ ইত্যাদি দেশী মাছের ছড়াছড়ি। একমাত্র ‘পিরনহা’ ছাড়া আর কোনো হিংস্র মাছ নেই। অ্যাকুরিয়ামগুলো যত্নে অভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুটি অ্যাকুরিয়াম ভেঙ্গে পড়ে আছে দীর্ঘদিন।

প্রাণী জাদুঘরের পরিচিতিমূলক কোনো বুকলেটও নেই। ফলে দর্শক সেখানে গিয়ে কিছুই শিখতে পারেন না।

জাদুঘরের পাঁচজন কর্মকর্তা-কর্মচারি অফিস করলেও জাদুঘরটিকে দেখভাল করার যেনো কেউ নেই।

চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমান প্রাণী জাদুঘরের ওই দুরাবস্থার কথা স্বীকার করেন। বিডিনিউজকে তিনি বলেন, ফান্ড না থাকায় জাদুঘরটিকে আকর্ষণীয় করা যাচ্ছে না।

তিনি জানান, প্রধান ফটকের মতো এবার জাদুঘরের গেটও ইজারা দেওয়া হয়েছে। হাসান কিং নামে একটি প্রতিষ্ঠান প্রায় ১৮ লাখ টাকায় এটি ইজারা নিয়েছে।