চারদিনের প্রবল বর্ষণে নওগাঁ, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে জনজীবন বিপর্যস্ত
প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁ, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে হাজার হাজার একর জমির রোপা আমন ধান নষ্ট হওয়াসহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, তিনদিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ছোট যমুনা নদীর তীর উপচে এবং বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে নওগাঁ শহর প্লাবিত হয়েছে। বিধ্বস্ত হয়েছে জেলার আট শতাধিক ঘরবাড়ি। হাজার হাজার একর জমির রোপা আমন ধান তলিয়ে যাওয়া ছাড়াও বদলগাছি-আক্কেলপুর সড়কের শ্যামপুরে পৃথক দু’টি স্থান ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
নওগাঁ শহরের পুরাতন ডিসি অফিস, কালিতলা, সুপারিপট্টি, উকিলপাড়া, এলাকার বাড়িঘর ও অফিস আদালতে হাঁটু পানি জমে যাওয়ায় কয়েক হাজার মানুষ অন্যত্র আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
গত তিনদিনে নওগাঁয় ২০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড জানায়। ছোট যমুনার পানি বিপদসীমার ২৮ সেমি এবং আত্রাই নদীর পানি বিপদসীমার ৩০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নীলফামারী প্রতিনিধি জানান, এদিকে প্রবল বর্ষণে নীলফামারী জেলার দুই-তৃতীয়াংশ এলাকা দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে অফিস আদালত ও স্কুল কলেজ। নীলফামারী-সৈয়দপুর সড়কে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ওপর গাছ উপড়ে পড়ায় গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সোমবার মধ্যরাতের পর বৃষ্টির সাথে থেকে থেকে প্রবল দমকা হাওয়ায় অন্তত দুই হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া সৈয়দপুর জেলা শহরে পানি উঠে যাওয়ায় লোকজন বাড়িঘর ছেড়ে স্কুল কলেজে আশ্রয় নিতে শুরু করেছে। জেলার ৫০ হাজার হেক্টর জমির রোপা আমন ও আদা ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে অন্তত দুইশ কিমি কাঁচা-পাকা রাস্তা।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, চারদিনের টানা বর্ষণে ঠাকুরগাঁও জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার বর্ষণের সাথে হরিপুর ও রানীশংকৈলে প্রবল ঝড় বয়ে যায়। কৃষি বিভাগ গত চারদিনে জেলায় ৩৫০ কিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে। জেলার বেগুন, আখ ও বিভিন্ন শাক-সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে এবং গবাদিপশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে। বর্ষণের ফলে সোমবার জেলায় বাস চলাচল ছিল খুব কম। এছাড়া উত্তরের ঠাণ্ডা হাওয়া বইতে শুরু করায় লোকজনকে শীতের কাপড় পরতে দেখা গেছে।
