পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি ২ গ্রুপের সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি
পাবনার চাটমোহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের আশংকায় সোমবার প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
চাটমোহর উপজেলার শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয় মাঠে শরৎগঞ্জ যুব কল্যাণ সংঘ একটি ফুটবল ম্যাচ আয়োজন করে। সোমবার টুর্নামেন্টের ফাইনাল খেলা হওয়ার কথা ছিল। এতে বিএনপির জেলা কমিটির যুগ্নসম্পাদক এবং পাবনা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। কিন্তু খেলা শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক চিঠির মাধ্যমে খেলাস্থলে ১৪৪ ধারা জারি করে।
অ্যাডভোকেট মাসুদ খন্দকার সোমবার রাতে পাবনা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, স্থানীয় এমপি কেএম আনোয়ারুল ইসলাম তাকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে খেলা বন্ধ করে দেন এবং ১৪৪ ধারা জারি করান।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিরাপত্তার ব্যাপারে প্রশাসনকে কিছু জানানো হয়নি। তাই খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে খেলা বন্ধের প্রতিবাদে শরৎগঞ্জ যুব কল্যাণ সংঘ এলাকায় মিছিল করেছে।
