২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও চাঁদপুরে আদালতে বোমা হামলা, নিহত ২, আহত ২৩

চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা সদরে সোমবার দুপুরে প্রায় একই সময়ে পাঁচটি শক্তিশালী বোমা হামলার ঘটনায় দু’জন নিহত এবং কমপক্ষে ২৩ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

আহতদের মধ্যে একজন জেলা যুগ্মজজ, একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ রয়েছে। বিচারকাজ চলাকালে আদালত এলাকায় এ বিস্ফোরণগুলো ঘটে। এসব ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে।

নিহত হয়েছে চাঁদপুরে একজন এবং লক্ষ্মীপুরে একজন। চাঁদপুরে নিহতের নাম হাশেম বাকাউল (৬২) এবং লক্ষ্মীপুরে নিহতের নাম মজিবুল হক (৬৫)। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এসব ঘটনায় চট্টগ্রাম থেকে ছয়জন, চাঁদপুর থেকে তিনজন এবং লক্ষ্মীপুর থেকে একজনকে আটক করা হয়েছে।

রোববার রাতে সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ার বোমা হামলার পর দিন এ ঘটনাগুলো ঘটল। সাতক্ষীরার বোমা হামলায় দু’জন নিহত হয়।

সোমবারের ঘটনায় তিন জেলায় মোট পাঁচটি বোমা বিস্ফোরিত হয়। দুটি চাঁদপুর, দুটি লক্ষ্মীপুর এবং একটি চট্টগ্রামে। এছাড়া পুলিশ চট্টগ্রাম থেকে আরও দুটি বোমা উদ্ধার করেছে।

এর আগে ১৭ আগস্টের বোমা হামলারও মূল লক্ষ্য ছিলো আদালত চত্বর। ওই ঘটনায় দেশজুড়ে তিনশ’র বেশি স্পটে পাঁচশ বোমা বিস্ফোরণ ঘটে।

বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে জজ কোর্টের দ্বিতীয় তলায় সোমবার দুপুরে একজন যুগ্মজজকে লক্ষ্য করে পরপর দু’টি বোমা নিক্ষেপের ঘটনায় একজন নিহত এবং অপর একজন আহত হয়।

বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন শহরের তালতলা এলাকার বাসিন্দা ঠিকাদার হাশেম বাকাউল (৬২) এবং মরাত্মক আহত হয়েছেন কচুয়া উপজেলার উজনী কালীবাড়ি এলাকার অ্যাডভোকেট কাজী মোজাম্মেল হক। আহত অ্যাডভোকেট বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১২টায় জেলা জজ কোর্টের দ্বিতীয় তলায় যুগ্মজজ ও অর্থঋণ আদালতের এজলাসে একটি রেজিস্টার খাতার ভেতরে করে বিচারক দীপেন দেওয়ানকে লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয়। এ সময় ঘটনাস্থলে মামলার কাজে আসা হাশেম বাকাউল (৬২) নিহত হয় এবং অ্যাডভোকেট মজিবুল হক গুরুতর আহত হয়।

ঘটনার পর কোর্ট প্রাঙ্গণ জনশূন্য হয়ে পড়ে এবং শহরে আতংক ছড়িয়ে পড়ে।

পুলিশ বোমা হামলার পর থেকে শহরের বিভিন্ন স্থানে কড়া নজদারি শুরু করেছে এবং জজ কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বিডিনিউজ লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে জেলা জজ আদালতে সোমবার এজলাস চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে একটি শক্তিশালী বোমা বিস্ফোণের ঘটনায় একজন নিহত এবং পুলিশসহ ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে লক্ষ্মীপুর জেলা যুগ্ম ও দায়রা জজসহ মোহাম্মদ আবু সুফিয়ানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, প্রথম বোমাটি ছোঁড়া হয় যুগ্মজজকে লক্ষ্য করে। পরেরটি ছোঁড়া হয় একই আদালতের বারান্দায়। এ ঘটনায় পুলিশ মামুন (২২) নামের একজনকে আটক করেছে। মামুনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বোমার আঘাতে আহত ইদ্রিস আলী মামুনকে জাপটে ধরে ফেলে। গ্রেপ্তারকৃত মামুন হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বোমা হামলার পর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বিস্ফোরণের খবর দেশজুড়ে ছড়িয়ে পড়লে দেশের আদালত প্রাঙ্গণগুলোতে আতঙ্ক বিরাজ করতে থাকে। বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, দুপুরের পর থেকে জেলার জজকোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টে কোনও বিচারকাজ হয়নি। এসময় আদালত এলাকা জনশূন্য হয়ে পড়ে। আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিডিনিউজ চট্টগ্রাম অফিস জানায়, বন্দর নগরী চট্টগ্রামের মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেটের আদালতে সোমবার বোমা হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন (জেএমবি)’র সদস্যরা। ১৭ আগস্টের বোমা হামলার দুই আটককৃত আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্যে আদালতে হাজির করার পরপরই বোমা হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আদালত ভবনে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের এজলাসে আরশাদ হোসেন ও আবদুস সাত্তার মোল্লা নামে ওই দুই জঙ্গিকে হাজির করার মাত্র ১০ মিনিটের মধ্যে দুপুর ১২টা ১৫ মিনিটে আদালতের সামনে প্রথম বোমাটি বিষ্ফোরিত হয়।

পুলিশ জানায়, হামলাকারীরা ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের দিকে একটি বড় আকারের বই ছুঁড়ে মারে। এত তিনি ডান হাতে আঘাত পান।

এছাড়াও ম্যাজিস্ট্রেট কোর্টের কর্মচারি প্রদ্যুত কুমার চৌধুরী এ ঘটনায় আহত হয়েছেন।

এদিকে দুপুর ১২টা ২০ মিনিটে যুগ্ম দায়রা জজ দিলজার হোসেনের আলাদতের সামনেও একটি বোমা নিক্ষিপ্ত হয়, তবে বোমাটির বিস্ফোরণ ঘটেনি।

বোমা হামলার পরপরই চট্টগ্রামের সবগুলো আদালতের কাজকর্ম প্রায় দুই ঘন্টা বন্ধ ছিলো। আদালত ভবনের বিচারক, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, কর্মকর্তা ও কর্মচারিরা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

পুলিশ দুটি তাজা বোমাসহ তিন হামলাকারীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঠাকুরগাঁও এর মোহাম্মদ লাল্টু ও শাহাদাত হোসেন এবং চট্টগ্রামের পটিয়ার দুলাল চৌধুরী।

তাদের স্বীকারোক্তি মোতাবেক আরো তিনজনকে গ্রেপ্তার করা হয় নগরীর রেয়াজ উদ্দীন বাজারের চৈতন্যগলি এলাকা থেকে। এরা হচ্ছে, ওমর ফারুক, সুমন সরকার ও সোহেল।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র তাদের জেএমবি’র সদস্য বলে চিহ্নিত করেছে।