২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টের হামলাকারী দুই জঙ্গিকে আদালতের হাজির করার পরপরই চট্টগ্রামের আদালতে বোমা হামলা ঘটে

চট্টগ্রামের মুখ্য মহানগর ম্যাজিস্টেটের আদালতে সোমবার বোমা হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন (জেএমবি)’র সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

১৭ আগস্টের বোমা হামলার দুই আটককৃত আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্যে আদালতে হাজির করার পরপরই বোমা হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আদালত ভবনে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেড আকরাম হোসেনের এজলাসে আরশাদ হোসেন ও আবদুস সাত্তার মোল্লা নামে ওই দুই জঙ্গিকে হাজির করার মাত্র ১০ মিনিটের মধ্যে দুপুর ১২টা ১৫ মিনিটে আদালতের সামনে প্রথম বোমাটি বিষ্ফোরিত হয়।

পুলিশ জানায়, হামলাকারীরা ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের দিকে একটি বড় আকারের বই ছুঁড়ে মারে যাতে তিনি ডান হাতে আঘাত পান।

এছাড়াও ম্যাজিস্ট্রেট কোর্টের কর্মচারী প্রদ্যুত কুমার চৌধুরী এ ঘটনায় আহত হন।।

এদিকে দুপুর ১২টা ২০ মিনিটে যুগ্ম দায়রা জজ দিলজার হোসেনের আলাদতের সামনেও একটি বোমা নিক্ষিপ্ত হয়, যেটি অবিষ্ফোরিত ছিলো।

বোমা হামলার পরপরই চট্টগ্রামের সবগুলো আদালতে কাজকর্ম প্রায় দুই ঘন্টা বন্ধ ছিলো। আদালত ভবনের বিচারক, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, কর্মকর্তা ও কর্মচারীরা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

পুলিশ দুটি তাজা বোমাসহ তিন হামলাকারীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঠাকুরগাঁও এর মোহাম্মদ লালটু ও শাহাদাত হোসেন এবং চট্টগ্রামের পটিয়ার দুলাল চৌধুরী।

তাদের স্বীকারোক্তি মোতাবেক আরো তিনজনকে গ্রেফতার করা হয় নগরীর রেয়াজ উদ্দীন বাজারের চৈতন্যগলি এলাকা থেকে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ওমর ফারুক, সুমন সরকার ও সোহেল।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র তাদের জেএমবি’র সদস্য বলে চিহ্নিত করেছে।