সার্ক সম্মেলন উপলক্ষ্যে জিয়া’য় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিমান প্রতিমন্ত্রীর নির্দেশ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে আগত রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তার ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।
সে লক্ষ্যে যাত্রী সেবার মান সমুন্নত রেখে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিচ্ছিদ্র নিরাপত্তা অব্যাহত রাখতে হবে।
তিনি সোমবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জিয়া’র সার্বিক নিরাপত্তা, যাত্রী সেবা ও বিমান বন্দর সুষ্ঠু পরিচালনা সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী মীর নাছির উপস্থিত সকল সংস্থার প্রতিনিধিদের উদ্দেশে বলেন, যাত্রী সেবাই বিমানবন্দরের মুখ্য কাজ। কিন্তু নিরাপত্তার নামে যাতে কোনো যাত্রী হয়রানি না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
বিমান সচিব ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী, সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার কমডোর একেএম হারুন চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার পদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
