২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স্ক ও দুস্থ ভাতা বিতরণে দুর্নীতি, বঞ্চিত হচ্ছে প্রকৃত দুস্থ মানুষ

দেশের অসহায় ও দরিদ্র বয়স্ক মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করার প্রত্যয়ে সরকার বয়স্ক ভাতা কর্মসূচি চালু করলেও দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ভাতা প্রদানে নানা অনিয়মের কারণে সত্যিকার দুস্থ ব্যক্তিরা ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 08:27 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

১৯৯৭/৯৮ সাল থেকে বাংলাদেশ সরকার মাসিকভাবে বয়স্ক ও দুস্থ ভাতা চালু করলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের স্বজনপ্রীতি, দুর্নীতি এবং অনিয়মের ফলে সরকারের উদ্দেশ্য বর্তমানে ভেস্তে যেতে বসেছে।

সংবাদপত্র সমূহে বয়স্ক ভাতার বিষয়গুলো কতটা প্রকাশ পাচ্ছে তা জানার জন্য ম্যাস্ লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র নারী ও শিশু অধিকার বিষয়ক তথ্য কেন্দ্র পরিচালিত দেশের ১২টি জাতীয় দৈনিক এবং ১৯৬টি স্থানীয় সংবাদপত্রে নারী ও শিশু অধিকার বিষয়ে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণে এ তথ্যগুলো উঠে এসেছে।

সরকার প্রথমে দেশের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পাঁচ জন দুস্থ বয়স্ক পুরুষ ও পাঁচ জন বয়স্ক নারীকে মাসিক ১০০ টাকা করে বছরে ১২০০ টাকা প্রদানের মাধ্যমে বয়স্ক ও দুস্থ ভাতা কার্যক্রম চালু করে। ক্রমান্বয়ে তা বেড়ে ১৬৫ টাকা এবং চলতি অর্থ বছরে ১৮০ টাকায় উন্নীত হয়েছে। সরকারের বয়স্ক ভাতা কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা বর্তমানে ১৩ লাখ ১৫ হাজার থেকে ১৫ লাখে উন্নীত হয়েছে।

এক সংবাদ বিশ্লেষণে জানা যায়, গৌরনদীর মহিলাড়া ইউনিয়নের আমেনা বেগমের বয়স্ক ভাতা স্থানীয় মহিলা সদস্য আত্মসাৎ করেছেন। ১৮১৫ টাকা থেকে ৮১৫ টাকা আমেনা বেগমকে দিয়ে বাকি ১০০০ টাকা ওই মহিলা সদস্য নিজে রেখে দেন।

জামালপুরের দেওয়ানগঞ্জের মহারানী ঋষি (৭৫) জানান, ভোটের সময় চেয়ারম্যান মেম্বাররা এসে সবকিছু দেওয়ার কথা বললেও ভোটের পর তাদের আর দেখা যায় না। মহারানী ঋষি চরম দুরাবস্থার মধ্যে দিন কাটালেও এখন পর্যন্ত বয়স্ক ভাতার দেখা পাননি।

এদিকে বয়স্ক ভাতা বিতরণের বেলায় স্বজনপ্রীতির বিষয়টি প্রায়ই সংবাদপত্রে উঠে আসে। আর এতেই প্রমাণ হয় যে, ভাতা বিতরণের ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়ম রয়েছে।

এমএমসি পরিচালিত উপকূূলীয় অঞ্চলে (নয় জেলা) দুস্থ ভাতা প্রাপ্তির বিষয়ে অন্য এক জরিপে নয়জন ইউপি নারী সদস্যের কয়েকজন জানান, অনেক সময় দুস্থ ভাতা প্রদানের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বাড়ির গৃহপরিচারিকাদের অগ্রাধিকার দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু বয়স্ক ভাতার পরিমাণ বাড়ালে বা ভাতা ভোগীর সংখ্যা বৃদ্ধি করলেই চলবে না বরং ভাতা প্রাপ্তির বিষয়ে নিরপেক্ষ এবং স্বজনপ্রীতি মুক্ত হতে হবে।