বিডিনিউজের নারী ফটোসাংবাদিকের সাথে ইশা আন্দোলনের দুর্ব্যবহারের নিন্দায় মহিলা পরিষদ
পেশাগত দায়িত্ব পালনকালে বিডিনিউজের আলোকচিত্র সাংবাদিক লায়লা আনোয়ার বিন্দু কট্টর ইসলামী সংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কর্মীদের দ্বারা নিগৃহীত হওয়ায় বাংলাদেশ মহিলা পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
পরিষদের সভানেত্রী হেনা দাস এক বিবৃতিতে এ ধরনের ঘটনাকে নারীর ক্ষমতায়ন ও নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বড়ো বাধা হিসেবে অভিহিত করেন। বিবৃতিতে সকল প্রকার ফতোয়াবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এ লক্ষ্যে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বিগত ২৯ সেপ্টেম্বর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমাবেশে ছবি তোলার সময় ’এ ধরনের পেশা মেয়েদের জন্য নয়’ বলে সংগঠনের কিছু কর্মী বিন্দুকে অশোভন ভাষায় আক্রমণ করে এবং সমাবেশস্থল ত্যাগ করতে বলে। অবশ্য তারপরও তিনি তার পেশাগত দায়িত্ব পালন করে যান।
