২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প-কারখানার জেনারেটরে উৎপাদিত ১,১০০ মেগাওয়াট অব্যবহৃত বিদ্যুত কিনতে নীতিমালা তৈরি করছে সরকার

দেশের শিল্প-কারখানাগুলোতে ব্যবহৃত ব্যক্তি-মালিকানাধীন জেনারেটর থেকে উৎপাদিত বিদ্যুতের মধ্যে প্রায় ১,১০০ মেগাওয়াট বিদ্যুত অব্যহৃত থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 03:55 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সরকার দেশের বিদ্যুতের সংকট নিরসনে ওই উদ্বৃত্ত বিদ্যুত কিনতে আগ্রহী। এ লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

ঢাকার সোনারগাঁও হোটেলে সোমবার আয়োজিত দিনব্যাপী কর্মশালায় এ কথা জানানো হয়। ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার (আইআইএফসি) ও ভারতের প্রাইস ওয়াটারহাউস কুপারস লি. (পিডব্লিউসি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

ব্যক্তি মালিকানাধীন শিল্প কারখানার উদ্বৃত্ত বিদ্যুত ক্রয়ে নীতিমালা প্রণয়নে ‘ক্যাপটিভ পাওয়ার পলিসি অব বাংলাদেশ’ শীর্ষক ওই কর্মশালায় বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বিদ্যুত বিভাগের সচিব নজরুল ইসলাম, বিদ্যুত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী আনহ আকতার হোসেন এবং পাওয়ার সেলের পরিচালক বিডি রহমতউল্লাহ।

এতে প্রাইস ওয়াটারহাউস কুপারস লিমিটেডের (পিডব্লিউসি) বিশেষজ্ঞরা ওই অব্যবহৃত বিদ্যুতের ব্যবহার ও নীতিমালার একটি খসড়া উপস্থাপন করেন।

কর্মশালায় জানানো হয়, ব্যক্তিমালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলো নিজস্ব জেনারেটরে উৎপাদিত বিদ্যুতের মাত্র অর্ধেক নিজেরা ব্যবহার করে। বাকী বিদ্যুৎ অব্যহৃত থাকে। যার পরিমাণ প্রায় ১,১০০ মেগাওয়াট। সরকার একটি নীতিমালার আলোকে অত্যন্ত কমমূল্যে ওই বিদ্যুৎ কিনতে পারে, যা দেশের বিদ্যুতের ঘাটতি অনেকাংশে কমিয়ে আনবে।

পাওয়ার সেলের পরিচালক বিডি রহমতউল্লাহ জানান, দেশের শিল্প কারখানার অব্যবহৃত বিদ্যুতের মধ্যে প্রায় ১২৫ মেগাওয়াট যেকোনো সময় সরকার কিনে ব্যবহার করতে পারে। এর জন্যে সিস্টেমে কোনও সংস্কার বা পরিবর্তনের প্রয়োজন হবে না। তবে সামান্য কিছু সংস্কার করা হলে কিছুদিনের মধ্যেই ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করা যাবে।

তিনি জানান, পুরো ১,১০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করার জন্যে জাতীয় গ্রিড বা স্থানীয় উপকেন্দ্রগুলোতে স্থানান্তর করতে ‘সিংক্রোনাইজড মেশিন’ ব্যবহার করতে হবে। এর জন্যে নীতিমালা ও বরাদ্দ দরকার।

মন্ত্রিসভায় অনুমোদন পেলে আগামী গ্রীষ্মকাল অথবা ছয় মাসের মধ্যেই উদ্বৃত্ত ওই পরিমাণ বিদ্যুত ব্যবহার করে সংকট কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিদ্যুতের সংকট নিরসনে একটি সুষ্ঠু প্রস্তাবনা তৈরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।