ভারতে গণপিটুনিতে ৫ বাংলাদেশী নিহত
ভারতের উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমার বয়ড়া এলাকায় রোববার বিকেলে গণপিটুনিতে পাঁচ বাংলাদেশী নিহত হয়েছে।
নিহতরা হচ্ছে যশোরের শার্শা উপজেলার পাঁচ নং ঘিবা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মিনহাজুল ইসলাম (৩৫), রবিউল ইসলামের ছেলে শফিকুল ইসলাম লতা (৩০), মুজুব বাহারের ছেলে আক্তারুল ইসলাম (২৫), ইনতাজ আলীর ছেলে জাহিদুল (৩০) ও আবদুল খালেকের ছেলে বেলাল হোসেন (২৫)।
মরদেহগুলো ভারতের স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।
সূত্র জানায়, ওই পাঁচ বাংলাদেশী সেখানে গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে।
স্থানীয় সূত্র ও বিডিআর জানায়, পাঁচ বাংলাদেশীকে জনতা পিটিয়ে হত্যা করে।
বিডিআর জানায়, তারা পাঁচ বাংলাদেশীর মৃত্যুর খবর শুনেছে।
বিডিআর রোববার রাত ৯টার দিকে বিএসএফ-এর কাছে বিষয়টি জানতে চেয়ে চিঠি দেয়। কিন্তু এখন পর্যন্ত অপর পক্ষ থেকে চিঠির কোনও জবাব পাওয়া যায়নি।
তবে ঘিবা বিওপির বিপরীতে ভারতের রামচন্দ্রপুর ক্যাম্প ঘটনাটি সম্পর্কে বিডিআরকে জানিয়েছে।
সোমবারও বিডিআর এ ব্যাপারে বিএসএফ’র কাছে চিঠি দেবে বলে জানা গেছে।
