রমজান ও দুর্গাপূজাকে সামনে রেখে ট্রাফিক মাস শুরু
সারা দেশে রোববার থেকে ট্রাফিক মাস শুরু হয়েছে। রমজান ও দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের যানজট সমস্যা সমাধানের লক্ষ্যে এ মাস পালন করা হচ্ছে।
রোববার মুক্তাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ট্রাফিক মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মহা পুলিশ পরিদর্শক আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসএ খালেক এমপি, স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে সরকার ঢাকায় ৬৯টি অটো সিগন্যাল চালু করেছে। তিনি যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন সড়কে আলাদাভাবে চলাচলের ওপর গুরুত্ব আরোপ করে জানান, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যায়ক্রমে অযান্ত্রিক যানবাহন উঠিয়ে দেওয়া হবে।
আলোচনা শেষে প্রতিমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে একটি বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। র্যালিটি মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে পুলিশ সদর দপ্তরে এসে শেষ হয়।
