জলঢাকা বিএনপি সভাপতি ও পৌর চেয়ারম্যান কবীর চৌধুরীসহ ৫ সহযোগী জেলহাজতে
ধর্ষণ ও হত্যাসহ ৩৫ মামলার আসামি জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ও পৌর চেয়ারম্যান আনোয়ারুল কবীর চৌধুরী এবং তার পাঁচজন সহযোগীকে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত রোববার জেলহাজতে পাঠিয়েছে।
গত ৩০ জুলাই রাতে কবীর চৌধুরীর সন্ত্রাসী বাহিনী জলঢাকার চেরেঙ্গা গ্রামের শাহিনুরের স্ত্রী এক সন্তানের জননী গৃহবধু মোরশেদা বেগমকে রাস্তা থেকে তুলে এনে রাতভর পৌর কার্যালয়ে আটকে রেখে ধর্ষণের ঘটনায় গোটা উপজেলায় তোলপাড় শুরু হয়। সর্বদলীয় সন্ত্রাস প্রতিরোধ কমিটি জলঢাকায় হরতাল মিছিলসহ প্রায় দু’মাস তার গ্রেফতারের দাবিতে আন্দোলন করে।
দীর্ঘ দিন পলাতক থাকার পর কবীর চৌধুরী সম্প্রতি হাইকোর্টে জামিনের আবেদন জানালে হাইকোর্ট তাকে অন্তবর্তীকালীন জামিন দিয়ে ২৮ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের শেষদিন রোববার আনোয়ারুল কবীর চৌধুরীসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্য সেলিম ওরফে সেলিমুর রহমান, আশরাফুল, হাফি ওরফে হাফিজুল ও জামাত আলী আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক ইদ্রিস আলী তাকে জেল হাজতে প্রেরণ করেন। এ সময় আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ছাড়াও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জলঢাকা বিএনপি সভাপতি ও পৌর চেয়ারম্যান কবীর চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়া ছয়টি হত্যাসহ ৩৫ টি মামলার মধ্যে যে ২০টি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তার মধ্যে চারটি মামলা পুনরুজ্জীবিত করে পুনঃতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জলঢাকা থানার ওসি এসএম নূরুল হক মামলাগুলো পুনরুজ্জীবিত করার আবেদন জানালে সম্প্রতি নীলফামারীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মামলাগুলো আবার শুরুর অনুমতি দেন।
