ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত, ১জন আহত
ঝালকঠিতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় রোববার এক শিশুসহ দুজন নিহত এবং একজন আহত হয়েছে।
শহরতলীর কৃষ্ণকাঠি বাইপাস মোড়ে এক সড়ক দুর্ঘটনায় বীথি নামে ১০ বছরের এক শিশু নিহত এবং তার বাবা আহত হয়।
পুলিশ জানায়, কুতুবনগর মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী বীথি তার বাবা নজরুল ইসলামের (৩৫) সঙ্গে সাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে বরিশালগামী একটি জিপ তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বীথি মারা যায়। গুরুতর আহত নজরুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিপচালক মো. মহারাজকে গ্রেফতার করা হয়েছে।
ভোরে সংঘটিত অপর দুর্ঘটনায় রাজাপুরের কৈবর্তখালী এলাকায় চট্টগ্রাম-ভান্ডারিয়া রুটের যাত্রীবাহী বাস উত্তরণ-এর ছাদ থেকে নামার সময় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ওই বাসের হেলপার আজম (৩০)। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
