বরিশালে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালের আলোচিত মজিবুর রহমান হত্যা মামলার রায়ে আদালত রোববার ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে ২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় মজিবুর রহমান নিহত হন।
সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হল-ইকবাল আহম্মেদ বুলবুল, মো. দেলোয়ার ওরফে নান্নু, বাবুল মিস্ত্রী, বাবুল সরদার, কামরুল আহসান হিমু, কালাম দালাল, মোস্তফা দুয়ারী, ইউনুছ দুয়ারী, ইউসুফ দুয়ারী এবং আমীর হোসেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জন পলাতক রয়েছে।
রোববার দুপুর ১২টায় বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী স্বপনের নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন মিছিলে হামলা চালিয়ে মজিবুরকে অপহরণ করে। এ ঘটনার তিনদিন পর আগরপুরের সন্ধ্যা নদীতে তার মস্তকবিহীন লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে বাবুগঞ্জ থানার এসআই সমীর বাদী হয়ে মামলা দায়ের করলে বিচারক ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় প্রদান করেন।
