২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা হত্যা প্রচেষ্টার আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা প্রচেষ্টার আসামি এবং অস্ত্র ও বিস্ফোরক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ আল ইসলামী’র (হুজি) শীর্ষ নেতা মুফতি মোহাম্মদ আব্দুল হান্নানকে স্ত্রী ও চার সন্তানসহ গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বাড্ডা এলাকা থেকে শনিবার ভোরে র‌্যাব তাদের গ্রেপ্তার করেছে।

আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর ভাতিজা পরিচয়দানকারী হান্নানের সেকেন্ড ইন কমান্ড শাকিলকে পুলিশ খুঁজছে।

হান্নানকে গ্রেপ্তারের জন্যে বিগত সরকারের আমলে নয় হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

র‌্যাব সূত্র জানায়, শাকিলের কাছে প্রচুর পরিমাণ গ্রেনেড ও অস্ত্রশস্ত্র রয়েছে। শাকিলও একটি ইসলামী সংগঠনের প্রধান। তবে সংগঠনটির নাম জানায়নি র‌্যাব।

এদিকে র‌্যাবের অপর একটি দল মুফতি মোহাম্মদ হান্নানের ছোট ভাই মহিবুল¬াহ মফিজকে টঙ্গী থেকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)’র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সূত্র জানায়, মেজর এরশাদুল হক ও মেজর আতিকের নেতৃত্বে র‌্যাবের একটি দল ভোর সাড়ে চারটায় মেরুল, মধ্যবাড্ডার এক বাড়িতে অভিযান চালিয়ে হান্নান ও তার সন্তানসম্ভবা স্ত্রীকে গ্রেপ্তার করে। এসময় হান্নানের দুই শিশুপুত্র এবং দুই শিশুকন্যাকেও র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়।

পরে র‌্যাব সদস্যরা হান্নানের স্ত্রী জাকিয়া পারভীন, ছেলে নসরুল¬াহ বাপ্পী (৯), নুরুল¬াহ (৪), মেয়ে নিশাত আনজুম (৬) এবং নাজনীনকে (৬) ছেড়ে দেয়।

রাতে গ্রেপ্তারকৃত হুজি নেতা মুফতি হান্নানকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

হান্নান জানান, পলাতক থাকাকালীন তিনি মাসিক মদিনা সম্পাদক মওলানা মহিউদ্দিন খান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান বাণিজ্যমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন।

‘মওলানা মহিউদ্দিন আমাকে কিছুদিন অপেক্ষা করতে বলেছিলেন,’ হান্নান জানায়।

তার পলাতক জীবনের বিবরণ দিয়ে মুফতি হান্নান আরও জানান, পরিবারের ভরণ-পোষণের জন্যে তিনি টেইলারিং এবং স্ক্রিন প্রিন্টিং এর কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

ভোরে গ্রেপ্তারের পর রাত সাড়ে আটটায় তাকে র‌্যাব অফিসে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় সাদা গেঞ্জি, লুঙ্গি পরা হান্নান সাংবাদিকদের সাথে কিছুক্ষণ কথা বলেন।

হান্নান জানান, গত এক মাস আগে মধ্য বাড্ডার ই/৫ নম্বর বাসা সাড়ে তিন হাজার টাকায় ভাড়া নেন তিনি। এর আগে পাশের একটি বাড়িতে প্রায় পাঁচ বছর ছিলেন।

হান্নান দাবি করেন, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা হামলার পর তিনি স্বাভাবিক জীবন শুরু করেন। হুজি বা অন্য সব জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

মুফতি হান্নান পাকিস্তানের গওহর মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেন। সেখান থেকে উচ্চ শিক্ষার জন্যে দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন।

আশির দশকের শেষের দিকে তিনি সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করেন।

হান্নান জানান, আফগান যুদ্ধ শেষে তিনি দেশে ফিরে এসে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) এর সাথে যুক্ত হন।

তবে ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।

হুজি নেতা হান্নানের বিরুদ্ধে ২০০০ সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দু’বার হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।

২০০০ সালের ২১ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ার শেখ লুৎফর রহমান আইডিয়াল কলেজ প্রাঙ্গণ থেকে পুলিশ ৭৬ কেজি ওজনের শক্তিশালী টাইম বোমা উদ্ধার করে।

বোমা উদ্ধার করার স্থান থেকে ৫০ ফুট দূরেই শেখ হাসিনার সভা মঞ্চ স্থাপনের কথা ছিল।

হুজি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আব্দুল হান্নান ওই ঘটনার প্রধান সন্দেহভাজন ছিলেন। গোপালগঞ্জের কাছে সোনার বাংলা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি. নামে একটি সাবান ফ্যাক্টরিতে বোমা তৈরি করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়।

পরে হান্নানের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র ও বিস্ফোরক মামলায় ২০০৩ সালের ৩০ ডিসেম্বর একটি বিশেষ বিচার আদালত হান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

ঢাকা দ্রুত বিচার আদালতের বিচারক জাহাঙ্গীর আলম আব্দুল হান্নান ওরফে আবুল কালামের বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

ওই ঘটনার পর থেকেই মুফতি হান্নান পলাতক ছিলেন।

বোমা উদ্ধারের চারদিন পর পুলিশ গোপালগঞ্জের হেমাঙ্গনে মুফতি হান্নানের ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম এবং একটি বিদেশী পিস্তল উদ্ধার করে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর হুজি’র জঙ্গি তৎপরতা বৃদ্ধি পায়। ২০০০ সালে ১৬ জুলাই যশোরে সাংবাদিক শামসুর রহমান হত্যাসহ তারা বেশ কয়েকটি ঘটনার সাথে জড়িত।

ওই হত্যাকাণ্ডের পর পুলিশ হুজি’র ১০ কর্মীকে আটক করে এবং ঢাকার খিলগাঁওয়ের অফিস বন্ধ করে দেয়। সে সময় জিজ্ঞাসাবাদে হুজি ক্যাডাররা জানিয়েছিল, তারা জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, লেখিকা তসলিমা নাসরিন এবং ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাসচিব প্রয়াত মাওলানা আব্দুল আওয়ালসহ দেশের ২৮ বিখ্যাত ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করেছিল।

ধারণা করা হচ্ছে, হুজি ক্যাডাররা ক্ষমতাসীন বিএনপি-জামাত জোট সরকারের গত চার বছরের শাসনামলে শেখ হাসিনাকে কমপক্ষে ১১ বার হত্যার পরিকল্পনা করেছিল।

চলতি বছরের ২১ সেপ্টেম্বর গোপালগঞ্জ পুলিশ মুফতি হান্নানের গ্রামের বাড়ি কোটালীপাড়া থেকে তার ভাই হরকাতুল জিহাদ নেতা মুন্সি আনিসুজ্জামানকে গ্রেপ্তার করে। এর আগে আনিসকে ২০০০ সালে ৭৬ কেজি বোমা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।