সিরডাপের পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন সংক্রান্ত সংলাপ দিনব্যাপী নীতি নির্ধারণী
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন বিষয়ক সংগঠন সিরডাপের ১৪ টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সংক্রান্ত দিনব্যাপী নীতি নির্ধারণী সংলাপ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ওপর আলোকপাত করার লক্ষ্যে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে বেশকিছু সাংগঠনিক ইস্যুতে নীতি নির্ধারণী এ সংলাপ কর্মসূচির আয়োজন করা হয়। সংলাপে ১৪ টি সদস্য দেশের নীতি নির্ধারকরা অংশ নেন।
সংলাপে অংশগ্রহণকারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের জানান, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন ইস্যুতে নীতি নির্ধারকরা শনিবারের এ সংলাপের মাধ্যমে সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। তবে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, সংলাপ কর্মসূচিতে যে ইস্যুগুলো উত্থাপিত হয়েছে সেগুলো সরকার স্টাডি করবে।
সিরডাপ গভর্নিং কাউন্সিলের চেয়ারপার্সন এবং ইন্দোনেশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব পোর্গো নার্ডজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ড. কিউ শাহাবুদ্দিন, ভারতের ইন্দিরা গান্ধি ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট রিসার্চের (আইজিআইডিআর) ড. আর. রাধাকৃষ্ণে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিপি) ঢাকার অরুণ কুমার সাহা, সিরডাপের মহাপরিচালক ড. দুর্গা পি. পাওডিল, সিরডাপের প্রশিক্ষণ পরিচালক ড. বি. সুধাকর রাও, গবেষণা পরিচালক মোমতাজ উদ্দিন আহম্মেদ এবং বাংলাদেশ ইকোনোমি অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ।
সংলাপ কর্মসূচি শেষে সিরডাপের মহাপরিচালক ড. দুর্গা পি. পাওডিল বলেন, সিরডাপ কোনও সিদ্ধান্ত গ্রহণকারী সংগঠন নয়।
তিনি বলেন, আমরা সিরডাপের নেটওয়ার্ক আরও প্রসারিত এবং সংলাপের মাধ্যমে এটির যোগাযোগ আরও সমৃদ্ধ করতে চাচ্ছি। সংলাপের মাধ্যমে আমরা দারিদ্র্যের মূল কারণ অনুসন্ধানের চেষ্টা নিয়েছি।
আফগানিস্তানের পল্লী উন্নয়ন ও পুনর্বাসন বিষয়ক উপমন্ত্রী এহসান জিয়া, ইরানের কৃষিবিপ্লব বিষয়ক উপমন্ত্রী রুহুল আমিন, ফিলিপাইনের ভূমি সংস্কার বিভাগের ভাইস মিনিস্টার গেরুডিনো খালিক সি. মাডোয়েনো সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
