দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের নির্দেশ
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের আইন-শৃংখলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশ দেন।
দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজার ও বান্দরবানের উচ্চপদস্থ কর্মকর্তারা রোহিঙ্গাদের সৃষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কর্মকর্তারা বলেন, মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীরা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মারাত্মক সমস্যা সৃষ্টি করছে।
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেছেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ এখন বড় ধরনের সমস্যার মুখোমুখি। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে না পারলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠক সূত্র জানিয়েছে, কর্মকর্তারা বলেছেন, রোহিঙ্গাদের কারণে এ দুই জেলার আর্থ-সামাজিক অবস্থা ও পরিবেশ ভয়াবহ হুমকির সম্মুখীন। শুধু তাই নয়, রোহিঙ্গারা দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
কর্মকর্তারা বৈঠকে আরো বলেন, সাম্প্রতিক সময়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উদ্ধারকৃত অস্ত্রের বিশাল মজুদের পিছনে রোহিঙ্গারা জড়িত। এছাড়া রোহিঙ্গারা অবৈধভাবে বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ গিয়ে নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
দুর্গম পাহাড়ী এলাকার কারণে এ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছেনা বলেও কর্মকর্তারা মন্তব্য করেন।
১৯৯২ সাল থেকে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত আছে। তখন মায়ানমারের অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের (ইউএনএইচসিআর) তত্ত্বাবধানে প্রায় ২ লাখ ৩০ হাজার শরণার্থী মায়ানমারে ফেরত গেলেও বর্তমানে টেকনাফ ও উখিয়ার দুটি ক্যাম্পে ২০ হাজারের মত শরণার্থী রয়ে গেছে।
এছাড়া টেকনাফে ইউএনএইচসিআরের স্বীকৃতিবিহীন প্রায় দশ হাজার রোহিঙ্গা শরণার্থী স্থানীয় প্রশাসনের নির্মিত অস্থায়ী ক্যাম্পে বসবাস করছে।
কক্সবাজার ও বান্দরবান জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত দু’লাখের মত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে অবৈধভাবে বসবাস করছে।
এদের অধিকাংশই কক্সবাজার ও বান্দরবানের সরকারি বনভূমি ও সমুদ্র সৈকতে বসবাস করছে।
