কিশোরগঞ্জে চেয়ারম্যানের হাতে কৃষক নিহত: লাশ নিয়ে মিছিল
জেলার সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হাতে নির্মমভাবে নিহত এক কৃষকের লাশ নিয়ে শনিবার মিছিল করেছে জনতা। এ সময় বিক্ষুব্ধ জনতা কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক পুলের ঘাট বাজারে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
সূত্র জানায়, সদর উপজেলার চৌদ্দশত ইউপি চেয়ারম্যান এ.বি. সিদ্দিক খোকা ও তার লোকজন পূর্বশত্রুতার জের ধরে জালুয়াপাড়া গ্রামের জামির হোসেনের ছেলে আবু বাক্কারকে (৩৫) পুলের ঘাট বাজারের একটি দোকানে নিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে। চেয়ারম্যান ও তার লোকজন এ সময় তাকে রড দিয়ে নির্মমভাবে পেটায় ও ব্লেড দিয়ে শরীর কেটে লবণ লাগিয়ে দেয় এবং পুরুষাঙ্গ কেটে ফেলে। পরে মুমূর্ষু অবস্থায় সদর থানায় নিয়ে গিয়ে উল্টো তাকেই আসামি করে একটি মামলা দায়ের করে।
কিন্তু বাক্কারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা শেষে তাকে পুনরায় থানায় নিয়ে যাওয়া হয়। পরে কোর্টে চালান দিলে বাক্কারকে জেল হাজতে পাঠানো হয়। হাজতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার পুনরায় তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে নিহতের ভাই আরজু বাদি হয়ে শুক্রবার সদর থানায় একটি মামলা দায়ের করেন।
