৯ মাসে সারা দেশে ৫,২১১টি মানবাধিকার লংঘন ও অপমৃত্যুর ঘটনা
চলতি বছরের প্রথম নয় মাসে সারা দেশে মোট ৫ হাজার ২১১টি মানবাধিকার লংঘন এবং অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে খুনের (ক্রসফায়ারে নিহতসহ) সংখ্যা সবচেয়ে বেশি।
বাংলাদেশ বার কাউন্সিল দেশের ১১টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে শনিবার এ তথ্য জানায়।
মানবাধিকার লংঘনের ঘটনাগুলো হলো-খুন ২,৪৬৯টি। এর মধ্যে ক্রসফায়ারে নিহত হয়েছেন ২৮৫ জন। আত্মহত্যা ৪৬৪টি, ধষর্ণের শিকার হয়েছেন ১৬৩ জন, গণ ধর্ষণের শিকার ১৫২ জন, শিশু ধর্ষণের শিকার ১১৮ জন, ধর্ষণের পর হত্যা ৫৩ জন, পারিবারিক নির্যাতনের শিকার ৪৩ জন, যৌতুকের জন্য মৃত্যু ১৪৩ জন, যৌতুকের জন্যে নির্যাতনের শিকার ৬৬, স্বামীর হাতে মৃত্যু ১০৮ জন, ফতোয়ার শিকার ৩১ জন, অপহরণ ৩৮৯ জন, এসিড দগ্ধ ১৭৫ জন, বোমা হামলার শিকার-নিহত ২০ জন, আহত ৭৭৮ জন, বোমা হামলার হুমকির শিকার ১০ জন, রাজনৈতিক কারণে হত্যা ৫৯ জন, সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন ২৫৫ জন। এর মধ্যে নিহত হয়েছেন ১ জন, আহত হয়েছেন ১২০ জন, অপহৃত হয়েছেন ৪ জন, লাঞ্চিত হয়েছেন ৪৫ জন এবং মামলা করা হয়েছে ৮৫ জনের বিরুদ্ধে।
