২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে মাদক ব্যবসায়ীদের গুলিতে ২ র‌্যাব সদস্য আহত, ৩ ব্যবসায়ী অস্ত্রসহ গ্রেফতার

কেরাণীগঞ্জের আমিরাবাদে ছদ্মবেশে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে শুক্রবার সন্ধ্যায় র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 11:22 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

আহত র‌্যাব সদস্যরা হচ্ছেন নায়েক গাজী শামসুল ইসলাম ও সৈনিক শফিকুল ইসলাম।

র‌্যাব সদস্যরা এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে রুহুল (২৫), লিটন (৩২) ও ফারুক (২৯)। তাদের কাছে থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ওই দুই র‌্যাব সদস্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য সন্ধ্যা ৭টার দিকে আমিরাবাদ জিও বিগ্রহ মন্দিরের কাছে ছদ্মবেশে যায়। তারা প্রথমে ১০ বোতল ফেনসিডিল কিনে চলে যায়। কিছু সময় পর আবারো ১০ বোতল কেনার জন্য গেলে মাদক ব্যবসায়ীরা তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের কোনো কথা বলার সুযোগ না দিয়েই গুলি চালালে নায়েক শামসুল ডান হাতে ও সৈনিক শফিক ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় র‌্যাবের সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আহত র‌্যাব সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।