২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৮ হাজার নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

দুই প্রতিষ্ঠানে প্রায় সাড়ে আট হাজার পদে নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 06:23 PM

Updated : 25 Jul 2022, 04:04 PM

তারা হলেন- মো. আজিবুল হাসান ওরফে এমরান (৫১), বিউটি আক্তার (৩৫) ও মো. কবির উদ্দিন পিয়াস (৩০)।

বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ।

বৃহস্পতিবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৯ লাখ টাকা ও ভুয়া নিয়োগের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মিরপুর এলাকায় ফেলারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প ও বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নামের দুটি বেসরকারি প্রতিষ্ঠান খুলে চাকরির নামে পে অর্ডারের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।

এছাড়া প্রতিষ্ঠান দুটি যে ঠিকানা ব্যবহার করে সেই বাড়ির মালিকও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চক্রের সন্ধান পাওয়া যায় বলে তিনি জানান।

এ দুটি প্রতিষ্ঠানে ৮ হাজার ৪১৬টি পদে চাকরি দিতে চক্রটি সম্প্রতি সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় জানিয়ে ওই গোয়েন্দা কর্মকর্তা জানান, মূলত দুটি প্রতিষ্ঠানই ভুয়া। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তারা নিয়োগপ্রার্থীদের কাছ থেকে আবেদনের সঙ্গে জমা দেওয়া পে অর্ডারের মাধ্যমে প্রচুর টাকা হাতিয়ে নেয়।

“সংঘবদ্ধ প্রতারক চক্রটির সদস্যরা এ বছরের ১৫ জুন আমেরিকার বেসরকারি গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্সের অর্থায়নে 'ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প' নামে বেসরকারি গোয়েন্দা সংস্থায় ৬ হাজার ৪৭২টি পদের বিপরীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত।“

তিনি জানান, ১৫ জুন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নামের প্রতিষ্ঠানে ১ হাজার ৯৪৪টি পদের বিপরীতে নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে ট্রাস্টটির একটি ভুয়া নিবন্ধন নম্বরও ব্যবহার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন জানান, দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতেই প্রতিটি পদের জন্য ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত পে অর্ডারের মাধ্যমে সোনালী ব্যাংক, বেগম রোকেয়া সরণি শাখা, মিরপুর, ঢাকার একটি হিসাব নম্বরে টাকা জমা করার জন্য বলা হয়। এ টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি।

তিনি বলেন, দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতেই অফিসের যে ঠিকানা দেওয়া হয় সেই বাড়ির মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি ওই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত হয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট বা ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প নামের কোনো প্রতিষ্ঠান ওই ঠিকানায় নেই জানিয়ে ডিবি কর্মকর্তা বলেন, কীভাবে একটি সরকারি ব্যাংক হিসাব খোলা হলো তা ওই ব্যাংক শাখার প্রধানের কাছে জানতে চাওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে আর কত টাকা ব্যাংকে রয়েছে ওই হিসাব দেখলেই তা নিশ্চিত হওয়া যাবে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা হারুন।