২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

অধ্যাপক এনামুল হকের মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 05:46 PM

Updated : 14 Jul 2022, 07:01 PM

রোববার এক শোকবার্তায় তিনি বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রফেসর ড. এনামুল হকের ছিল প্রগাঢ় ভালোবাসা এবং গভীর শ্রদ্ধাবোধ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাহিত্য পত্রিকা উত্তরণের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

“মুক্তিযুদ্ধের সময় তিনি লন্ডন এবং নিউ ইয়র্ক সফর করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠাসহ জাতীয় পর্যায়ে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন প্রচলনের ক্ষেত্রে তার প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। প্রত্নতত্ত্বে বিশেষ অবদানের জন্য বন্ধুপ্রতিম ভারত সরকারও তাকে ২০২০ সালে পদ্মশ্রী পদক প্রদান করে।”

প্রধানমন্ত্রী অধ্যাপক এনামুলের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক (৮৫) রোববার বিকালে রাজধানীতে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন বলে এক বার্তায় জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান। 

এনামুল হকের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদও গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।