কর ফাঁকি: কামালের রিট আবেদনে আদেশ মঙ্গলবার
ছয় কোটি টাকা কর ফাঁকির বিষয়ে কর আপিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে গণফোরাম সভাপতি কামাল হোসেনের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে।
কামাল হোসেন (ফাইল ছবি)
কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও তানিম হোসেন শাওন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
এর আগে গত রোববার ও মঙ্গলবার বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাই কোর্ট বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হয়েছিল।
ওই আদালতে এ রিট আবেদনে আদেশ দেওয়ার এখতিয়ার না থাকায় গত মঙ্গলবার আবেদনটি ফেরত দেওয়া হয়।
পরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চে রিটআবেদনটি উপস্থাপনের পর রোববার তারা শুনানি নিয়ে আদেশের দিন ঠিক করে।
আয়কর নিয়ে ট্যাকসেস আপিল ট্রাইব্যুনালের আদেশ চ্যালেঞ্জ করে এ মে মাসের শেষ সপ্তাহে রিট আবেদনটি করে ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস।
আবেদনে বলা হয়, কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস ২০১৮-১৯ অর্থ বছরে এক কোটি চার লাখ তিন হাজার ৪৯৫ টাকা আয়কর রিটার্ন দাখিল করে। কিন্তু ওই অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড তার নামে ২০ কোটি ১১ লাখ চার হাজার ২১৯ টাকার সম্পদ দেখিয়ে ছয় কোটি নয় লাখ ৮৫ হাজার ৩১৫ টাকা আয়কর এবং আরও ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা সুদ দাবি করে।
২০১৯ সালের ৩০ ডিসেম্বরে রাজস্ব বোর্ডের এক ডেপুটি কমিশনারের ওই আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট যুগ্ম কমিশনারের কাছে আপিল করেন কামাল হোসেন। ওই আপিল শুনানি শেষে ২০২০ সালের ২৫ জুন তা খারিজ করে আদেশ দেয়।
এরপর যুগ্ম কমিশনারের ওই আদেশের বিরুদ্ধে কামাল অ্যাসোসিয়েটস ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। কিন্তু তাও খারিজ হওয়ায় হাই কোর্টে আসে তারা।
