ঢাকায় পুলিশকে চাপা দেওয়া বাসটিরও রুট পারমিট ছিল না
ঢাকার বাংলামোটর এলাকায় গত ৬ জুন পুলিশ সদস্য কোরবান আলীকে চাপা দেওয়া বাসটির রুট পারমিট ছিল না বলে জানিয়েছে র্যাব।
বাসটির চালক ও মালিককে গ্রেপ্তারের পরে শনিবার র্যাবের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
ওয়েলকাম পরিবহনের সেই বাসটির চালক জাকির হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া এবং এর মালিক মো. আলম খোকাকে সাভার থেকে শুক্রবার গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
এর আগে গত ৫ জুন সাভারের বলিয়ারপুরে যে বাসটির ধাক্কায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চারজন বিজ্ঞানী ও কর্মকর্তা নিহত হয়েছিলেন, সেফ লাইন পরিবহনের সেই বাসটিরও কোনো রুট পারমিট ও ফিটনেস সনদ ছিল না বলে পুলিশ জানিয়েছিল।
ওই বাসটির ফিটনেস মেয়াদোত্তীর্ণ হয়েছে ২০১৪ সালে। পরের বছর রুট পারমিটের মেয়াদ শেষ হয়।
শনিবার র্যাবের সংবাদ সম্মেলনে কমান্ডার আল মঈন বলেন, “ওয়েলকাম পরিবহনের এই বাসটির কোনো রুট পারমিট ছিল না। গ্রেপ্তারের পর বাসটির মালিক মো. আলম র্যাবের কাছে দাবি করেছেন, তিনি রুট পারমিটের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনও পাননি।”
রুট পারমিট ছাড়াই দুই বছর ধরে রাজধানীর সড়কে চলছিল বাসটি।
র্যাব জানায়, ঢাকা-সাভার রুটের বাসটি দৈনিক আড়াই হাজার টাকা চুক্তিতে ১৫ দিন ধরে চালাচ্ছিলেন চালক জাকির। মালিককে আড়াই হাজার টাকা দেওয়া ছাড়াও ওয়েলকাম বাস কোম্পানি এবং আরও কয়েক জায়গা মিলিয়ে এক হাজার ৩০০ টাকা করে দিতে হত। ওই ৩ হাজার ৮০০ টাকা দেওয়ার পর দিনে উপার্জিত বাকি টাকা ভাগাভাগি করে নিতেন চালক ও হেলপার।
জাকির আগে লেগুনা চালাতেন, পরে বাসে হেলপার হিসেবে কাজ করেছেন। গত মাসেই তিনি প্রথম বাস চালানো শুরু করেন।
দুর্ঘটনার বিবরণ দিয়ে র্যাব কর্মকর্তা আল মঈন বলেন, চালক জাকির বলেছেন, ওই দিন তিনি কারওয়ান বাজার সিগন্যাল থেকে যাত্রী তুলে দ্রুতগতিতে বাংলামোটরের দিকে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য কোরবান আলী তার গাড়ির তলায় পড়েন।
“দুর্ঘটনার পর তিনি (জাকির) ১৫ মিনিটের মতো পাশের একটি বাড়িতে লুকিয়েছিলেন। এরপর তিনি ঘটনাস্থলের পাশে একটি চায়ের দোকানে বসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। এসময় বাসের হেলপার তাকে ফোন করে জানান, বাসের তলায় চাপা পড়া মোটরসাইকেল আরোহী একজন পুলিশ সদস্য এবং তার অবস্থা সঙ্কটাপন্ন। তখন বাস মালিক এবং ওয়েলকাম পরিবহনের কর্তা ব্যক্তিদের বিষয়টি জানান জাকির। তারা চালক জাকিরকে গা ঢাকা দেওয়ার পরামর্শ দেন।”
এরপর জাকির চট্টগ্রামে এক আত্মীয়ের বাসায় চলে যান, সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
গত ৬ জুন সকাল পৌনে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাংলামটরের দিকে যাওয়ার পথে পুলিশ কনস্টেবল কোরবান আলী (৩৫) বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন। তখন বাসটি জব্দ করা হলেও চালক জাকির পালিয়ে যান। এই ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বাসের চালক, মালিক ও হেলপারকে আসামি করা হয়েছে।
