ঢাকার শ্যামপুরে নাজমা হত্যায় দেবরের জবানবন্দি
ঢাকার শ্যামপুরে নাজমা আক্তার হত্যা মামলায় আদালতে ‘দোষ স্বীকার করে’ দেবর আবুল কালাম আজাদ সেন্টু জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার উপ পরিদর্শক শাকিব হোসেন আসামি সেন্টুকে রোববার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মো. জাফর হোসেন জানান, সেন্টু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
“আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মো. রশিদুল আলম তার খাসকামরায় জবানবন্দি রেকর্ড করেন। এরপর আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানো হয়।”
গত শনিবার সকালে জুরাইনের আইসি গেট এলাকার একটি বাসায় নাজমাকে (৩২) দা দিয়ে কুপিয়ে আহত করে দেবর সেন্টু। রক্তাক্ত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, সকালে বাসায় নাজমা রান্নাঘরে নাশতা বানাচ্ছিলেন। সেখানেই দা দিয়ে নাজমাকে আঘাত করতে থাকে সেন্টু।এ সময় তাকে বাঁচাতে গিয়ে নাজমার আরেক দেবর নাসির আহমেদ সোহেল (৩০) ও তার স্ত্রী সাদিয়া আক্তার রিমা (২৫) আহত হন।
