যুক্তরাজ্যের আরএইচএস পুরস্কার জিতলেন আলোকচিত্রী ফিরোজ
যুক্তরাজ্যের রয়্যাল হর্টিকালচার সোসাইটি (আরএইচএস) ফটোগ্রাফিক প্রতিযোগিতা ২০২২ এ ক্রিয়েটিভ বিভাগে সেরা পুরস্কার জিতেছেন বাংলাদেশের বন্যপ্রাণী আলোকচিত্রী আসকার ইবনে ফিরোজ।
’ব্যাট ইন অ্যাকশন’ শিরোনামে উড়ন্ত বাদুড়ের একটি ছবির জন্য তিনি এ পুরস্কার জেতেন। ছবিটি তিনি তুলেছিলেন ঢাকা রমনা পার্ক থেকে।
২০২১ সালের অগাস্টের কোনো একদিন সূর্যাস্তের ঠিক আগ মূহুর্তে তোলা ছবিটিতে ফিরোজ একটি চম্পা বাদুর বা ইন্ডিয়ান ফ্লাইং ফক্সের পার্কের হ্রদে স্নান শেষে আকাশে উড়াল দেওয়ার দৃশ্য ক্যামেরাব্ন্দি করেন।
যুক্তরাজ্যের বাগান পরিচর্যায় প্রথম সারির অলাভজনক সংগঠন রয়্যাল হর্টিকালচার সোসাইটি ২০১৮ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
এ বছর প্রতিযোগিতার পঞ্চম আসরে বিশ্বের ১০ হাজার আলোকচিত্রী সাত বিভাগে এক লাখেরও বেশি ছবি জমা দেন। সেখান থেকে ক্রিয়েটিভ বিভাগের সেরা পুরস্কার জিতে নেন ফিরোজ।
পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন প্রশংসাপত্র, রয়্যাল হর্টিকালচার সোসাইটির সদস্যপদ ও নগদ অর্থ।
আলোকচিত্রী আসকার ইবনে ফিরোজ। ছবি: ডা.আব্দুস এস আলিম
পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে পেশায় তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ী শৌখিন এ আলোকচিত্রী বলেন, “এ ধরনের একটি সম্মানজনক পুরস্কার অবশ্যই ফটোগ্রাফির প্রতি আমার ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। বাংলাদেশ থেকে ফটোগ্রাফির অন্যান্য অঙ্গনে অনেক আন্তর্জাতিক সাফল্য আসলেও ওয়াইল্ডলাইফ ক্যাটাগরিতে তেমন কিছু আসছে না। তরুণদের সাথে নিয়ে এ বিষয়ে আরও কাজ করবার আগ্রহ আছে।“
ছবি তুলতে গিয়ে যেন প্রকৃতির কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এ আলোকচিত্রী।
