২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল খেলার সময় ঝগড়া, ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকায় ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 12:04 AM

Updated : 02 Aug 2022, 03:16 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনগ্রাম হাজি মসজিদের সামনে ওই ঘটনা ঘটে বলে পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কামরুল ইসলাম জানান।

নিহত মোহাম্মদ শফিক (১৯) বনগ্রাম এলাকায় একটি তামার কারখানায় কাজ করতেন। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত উপকমিশনার কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটির দিনে ওই এলাকার বিভিন্ন দোকানের কর্মী এবং কারখানার তরুণ শ্রমিকরা ফুটবল খেলছিলেন। খেলার মধ্যে ঝগড়া বাঁধে। এ নিয়ে শফিককে একজন ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।”

শফিকের সহকর্মী মো. ফরহাদ জানান, তারা রাতে কারখানাতেই থাকতেন। শফিকের বাড়ি রংপুরে। খেলার মধ্যে মারামারিতে শফিকের বুকে ছুরি মারে একজন।

এ ঘটনায় সিয়াম নামে এক সন্দেহভাজন তরুণকে পুলিশ আটক করেছে বলে জানান এডিসি কামরুল।