৪০তম বিসিএসের চূড়ান্ত ফল বিকালে
সরকারি চাকরিতে নিয়োগের জন্য ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল বুধবার বিকালে প্রকাশ করা হবে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চূড়ান্ত ফল প্রকাশের জন্য বেলা সোয়া ১টায় কমিশনে বৈঠক শুরু হয়েছে।”
প্রথম শ্রেণির সরকারি চাকরিতে এক হাজার ৯০৩টি পদে নিয়োগ দিতে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এ বিসিএসের প্রিলিমিনারির জন্য ৪ লাখ ১০ হাজার ৯৬৩ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ৩ লাখ ২৭ হাজার ৫২৫ জন পরীক্ষায় অংশ নেন।
পরে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ২০ হাজার ২৭৭ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়।
এরপর গত বছরের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষায় ১০ হাজার ৯৬৪ জন উত্তীর্ণ হন। তাদের মধ্য থেকে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের চুড়ান্ত ফল বিকালে প্রকাশ করা হবে।
এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
