পানির পুনঃব্যবহারে ‘সিরিয়াস’ হতে হবে: তাজুল
ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে পুনঃব্যবহারে ‘সিরিয়াস’ হতে বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
রোববার দুপুরে সিরডাপ মিলনায়তনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “আমাদের পানি রিসাইকেলের ব্যাপারে সিরিয়াস হতে হবে। এটা কঠিন ব্যাপার না। এটা সারা পৃথিবীই করছে।”
সুপেয় পানিকে বৈশ্বিক সমস্যা মন্তব্য করে তাজুল ইসলাম বলেন, “সারা বিশ্বে পানির স্বল্পতা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ সুপেয় খাবার পানি দিতে পারছে না। আমাদের ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ফেলতে হবে।”
রাশিয়া থেকে পানি আমদানি করে গ্রিস তা শতভাগই পুনঃব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, “তারা যদি রিসাইকেল না করত, তাহলে আমদানির টাকা দিয়ে মানুষকে পানি খাওয়াতে গিয়ে অর্থনীতিই অচল হয়ে যেত। এ বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এজন্য আমাদের বড় প্রজেক্ট নিতে হবে। আমরা সে ব্যাপারে কাজ করছি।”
শিল্পকারখানা ও কৃষিকাজে ভূ-উপরিস্থ অর্থাৎ নদী-নালা, খালবিলের পানির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “দেশের উন্নয়ন করতে হলে শিল্পায়নে বাড়তি নজর দিতে হবে, কৃষি খাতকে আধুনিকায়ন করতে হবে। সেজন্য সেখানে পানি বিদ্যুতের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে হবে। এজন্যও তো পানির প্রয়োজন। এসব বিষয়ে পরিকল্পনামাফিক কাজ করতে হবে।”
বিশ্ব পানি দিবসে দৈনিক ভোরের কাগজ ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের যৌথ আয়োজনে ‘গুড গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট : জাস্টিজ ইন অ্যাচিভিং এসডিজি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ওয়াটার ম্যানেজমেন্ট বোর্ডের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি অ্যান্ড ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক আনোয়ার জাহিদ।
তিনি বলেন, “আমাদের দেশে সারাবছর খাদ্যশস্য উৎপাদনের জন্য পানির প্রয়োজন হয়। ৭০ থেকে ৮০ ভাগ পানি প্রয়োজন হয় কৃষিকাজে আর শিল্পকারখানায়, ১০ থেকে ১২ ভাগ ব্যবহার করছি আমরা।
“আমরা অপরিকল্পিতভাবে পানির ব্যবহার করছি। অপরিকল্পিতভাবে ভূগর্ভের পানি উত্তোলনের কারণে পানির স্তর নিচে নামছে। এই ধারা অব্যাহত থাকলে একটা সময় ভূগর্ভ থেকে আর পানি ওঠানো যাবে না। তাই ভূগর্ভের পানির ওপর নির্ভরশীলতা কমাতে হবে।”
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ, বুয়েটের অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ, পানি বিশেষজ্ঞ সাইফুর রহমান প্রমুখ।
