২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে শেষ শয্যা নিলেন সাহাবুদ্দীন আহমদ

ঢাকার বনানী কবরস্থানে স্ত্রীর পাশে সমাধি হল সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 08:44 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

রোববার দুপুরে তাকে সেখানে দাফন করা হয়। এসময় পরিবারের সদস্যরা ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় ঈদগাহে জানাজা শেষে প্রয়াতের ছোট ছেলে সোহেল আহমেদ জানান, আগামী ২৪ মার্চ গুলশানের ৫৯ নম্বর সড়কের ১০ নম্বর বাসায় তার বাবার জন্য দোয়া-মাহফিল হবে।

দুই বার বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী সাহাবুদ্দীন আহমদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগে শনিবার মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।

তার স্ত্রী আনোয়ারা আহমেদ ২০১৮ সালে মারা যান। তাদের বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা যান।

তাদের পাঁচ সন্তানের মধ্যে দুই মেয়ে বিদেশে থাকেন। দুই ছেলে দেশেই রয়েছেন।

Image
গুলশান ২ নম্বরের বাসভবনে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মরদেহ ঘিরে স্বজনরা। শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান।

গুলশান ২ নম্বরের বাসভবনে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মরদেহ ঘিরে স্বজনরা। শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান।

সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে প্রধান বিচারপতি থাকা অবস্থায় নব্বইয়ের গণআন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর মতৈক্যে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে আবার প্রধান বিচারপতির পদে ফিরে ১৯৯৫ সালে অবসর নেন।

এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে রাষ্ট্রপতি নির্বাচিত হন সাহাবুদ্দীন আহমদ। মেয়াদ শেষে ২০০১ সালে বিদায় নেওয়ার পর নিভৃত জীবন যাপন করতেন তিনি।

শনিবার মারা যাওয়ার পর নেত্রকোনায় নিজের গ্রামে লাশ নেওয়ার পর সেখানে জানাজা হয়। পরে মরদেহ ফিরিয়ে আনা হয় ঢাকায়।

রোববার সকালে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে জানাজা অনুষ্ঠিত হয়।

Image
সাহাবুদ্দীন আহমদ।

সাহাবুদ্দীন আহমদ।

জানাজার আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন সাহাবুদ্দীন আহমদ।

“তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন তার বিভিন্ন জাজমেন্টের জন্য। উনার ঐতিহাসিক জাজমেন্ট অষ্টম সংশোধনীর জাজমেন্ট। তা ছাড়া কখন স্যুট মেইনটেনেবল (মামলা পরিচালনার যোগ্য) হবে আর কখন স্যুট মেইনটেনেবল হবে না, থার্টি নাইন ডিএলআর অ্যাপিলেট ডিভিশন পেইজ-৪৬ এর জাজমেন্ট, এই জাতি পার্টিকুলারলি বিচারাঙ্গনে সবাই সারাজীবন মনে রাখবে।”

নব্বইয়ের আন্দোলনের পর সামরিকতন্ত্র থেকে বাংলাদেশের গণতন্ত্রে ফেরার অভিযাত্রায়ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদ স্মরিত হন রাজনৈতিক অঙ্গনে।

সাহাবুদ্দীন আহমদ: বাংলাদেশের ইতিহাসের সন্ধিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায়

সাহাবুদ্দীন আহমদ বেঁচে থাকবেন তার বিচারিক সিদ্ধান্তে: প্রধান বিচারপতি