২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ মার্চ থেকে সাত দিন জাটকা সংরক্ষণ সপ্তাহ

ইলিশের উৎপাদান বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের মত এবারও সাত দিনের জাটকা সংরক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 07:58 PM

Updated : 28 Apr 2022, 11:53 PM

আগামী ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল এ কর্মসূচির আওতায় জেলেদের জাটকা ধরতে নিরুৎসাহিত করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির জন্য নানা কর্মসূচি পালন করা হবে।

রোববার রাজধানীর মৎস্য ভবনে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের’ সভায় জেলা-উপজেলা পর্যায়ে এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

সচিব বলেন, “দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনের গুরুত্ব অপরিসীম। জাটকা সংরক্ষণের জন্য দেশের জনসাধারণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহে সমাবেশ, নৌ-র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি টেলিভিশনে জাটকা রক্ষার গুরুত্ব তুলে ধরতে টকশো ও টিভিসি প্রচার, পোস্টার-লিফলেট বিতরণ এবং জেলে-মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনারের আয়োজন করা হবে।

পাশাপাশি জাটকা ধরা বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে বলে জানান সচিব।

ইলিশ সম্পদের উন্নয়নে দেশে ২০০৭ সাল থেকে প্রতিবছর জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ছাড়াও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্রবাহিনী বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ আনসার ও ভিডিপি, র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, নৌপুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি ও বাংলাদেশ ফিশিং বোট মালিক সমিতিসহ ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।