২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় ‘গুণীজন স্মৃতি’ পুরস্কার পাচ্ছে ৮ প্রকাশনী

এবারের বইমেলায় অংশ নেওয়া নেওয়া আট প্রকাশনা প্রতিষ্ঠান চিত্তরঞ্জন সাহা ও মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কারসহ বাংলা একাডেমি পরিচালিত চারটি গুণীজন স্মৃতি পুরস্কার পাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 09:51 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

বুধবার অমর একুশে বইমেলা ২০২২ এ অংশগ্রহণকারী পুরস্কারপ্রাপ্ত প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার মেলার সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার দেওয়া হবে।

এতে বলা হয়, ২০২১ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য ‘আগামী প্রকাশনী’কে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২২ দেওয়া হবে।

২০২১ সালে প্রকাশিত বইয়ের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা গ্রন্থ বিভাগে আবুল হাসনাত সম্পাদিত বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মারক প্রকাশের জন্য বেঙ্গল পাবলিকেশন্স, জালাল ফিরোজ রচিত লন্ডনে বঙ্গবন্ধুর একদিন গ্রন্থের জন্য জার্নিম্যান বুক্স এবং সৈয়দ আবুল মকসুদ রচিত নবাব সলিমুল্লাহ ও তার সময় গ্রন্থের জন্য ‘প্রথমা প্রকাশন’কে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে।

অপরদিকে ২০২১ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্যে গুণমান বিচারে সর্বাধিক বই প্রকাশের জন্য ‘কথাপ্রকাশ’কে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার দেওয়া হবে।

এছাড়া এ বছরের বইমেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে নবান্ন প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশন ও ‘পাঠক সমাবেশ’কে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে।

সমাপনী দিনের অনুষ্ঠান

বিলম্বিত শুরুর এক মাস পর অমর একুশে বইমেলার পর্দা নামছে বৃহস্পতিবার। সমাপনী দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

বিকেল ৫টা থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা ও অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ।

সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।