২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক নেতার ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেত্রী নিশির বিরুদ্ধে মামলা

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল  দিতে গিয়ে ধাক্কা লাগার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় একই সংগঠনের কেন্দ্রীয় নেত্রী বেনজির হোসেন নিশির বিরুদ্ধে মামলা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 12:31 AM

Updated : 25 Jul 2022, 04:40 PM

বুধবার ঢাকার মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তীর আদালতে মামলা করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. এহসানুল হক ইয়াসির।

বিচারক অভিযোগের শুনানি শেষে বাদীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী মো. আবুল কালাম আজাদ।

তবে কত কার্যদিবসের মধ্যে  প্রতিবেদন জমা দেওয়ার নিদের্শ এসেছে  তা জানাতে পারেননি তিনি।

আরজিতে বলা হয়,  গত ২১ ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার পর ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নিশি তার মোবাইল ফোন দিয়ে ইয়াসিরকে উপর্যুপরি আঘাত করেন।

এতে ইয়াসিরের মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায়ে ইয়াসির জ্ঞান হারিয়ে ফেললে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনের মাথায় চারটি সেলাই করেন।