২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভাতা বাড়ানোর দাবি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বিভিন্ন ভাতা বৃদ্ধি, বিদেশি গবেষণা সাময়িকীতে প্রতিবেদন প্রকাশে আর্থিক সহায়তা দেওয়াসহ নয় দফা দাবি জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2022, 07:56 PM

Updated : 28 Apr 2022, 11:44 PM

রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. আবু তাহেরের সঙ্গে ইউজিসিতে অনুষ্ঠিত এক বৈঠকে এসব দাবি জানানো হয়।

বৈঠকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ অধ্যাপক শহীদুর রশীদ ভুঁইয়া সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে আনুপাতিক এবং বর্ধিত হারে গবেষণা মঞ্জুরি দেওয়ার পাশাপাশি প্রতি বছর আনুপাতিক হারে তা বৃদ্ধির দাবি জানান। 

তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে বিদেশে অনুষ্ঠেয় কনফারেন্স বা সেমিনারে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট খাত ভিত্তিক অর্থ মঞ্জুর করা, বিভিন্ন ধরনের দায়িত্ব ভাতা দেওয়া, প্রভিডেন্ট ফান্ডের মুনাফা ১৩ শতাংশ নির্ধারণের দাবি জানান।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- অফিস ও বাসায় সদা ব্যস্ত থাকতে হয় বলে ভিসিদের ঝুঁকি ভাতা মূল বেতনের ২৫ শতাংশ নির্ধারণ; উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ ও শিক্ষকদের মোবাইল, টেলিফোন - ইত্যাদি ভাতা সরকারি নীতিমালা অনুযায়ী করা; শিক্ষকদের বার্ষিক ৬ হাজার টাকা বই ভাতা দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের ক্যাম্পাসে বসবাস নিশ্চিত করার জন্য বর্গফুট হিসাবে বাসা ভাড়া কাটা অব্যাহত রাখা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ৯ দফা দাবির বিষয়ে ইউজিসি সদস্য অধ্যাপক আবু তাহের বলেন, “গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পরিষদের যৌক্তিক দাবিসমূহ পূরণের বিষয়ে ইউজিসির উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।” 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গিয়াসউদ্দিন মিয়া, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিদারুল-আলম এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম কামরুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন।