ঢাকার কলাবাগানে খাবারের দোকানে আগুনে দগ্ধ ৬
ঢাকার কলাবাগানে একটি খাবারের দোকানে গ্যাসের চুলা থেকে আগুন ধরে দগ্ধ হয়েছেন ছয়জন।
মঙ্গলবার সকালে এফ এ আল বোরাক নামে ওই রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড ঘটে বলে ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হাবিবুর রহমান জানিয়েছেন।
দগ্ধ ছয়জন হলেন মো. ফারহান (২০), ফয়সাল আহমেদ(১৫), সরোয়ার হোসেন (২০), মো. তামিম ( ১৭), সবুজ (৩০) ও নাহিদ (২২)।
হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলিন্ডারে গ্যাসের চুলায় রান্না করার সময় আগুন বাড়িয়ে দিতে গেলে দূর্ঘটনাটি ঘটে।”
ছয়জনের মধ্যে সবুজ ও নাহিদকে স্কয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বাকি চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দগ্ধদের মধ্যে সরোয়ারের শরীরে ১৫ শতাংশ পুড়েছে। তাকে ভর্তি করা হয়েছে।
বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
