২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৫ দিন আটকে রেখে ধর্ষণ’: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে

ঢাকার লালবাগে এক তরুণীকে পাঁচ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় কথিত প্রেমিকসহ তিন আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 11:05 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

সোমবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ ছিদ্দিকী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন-ওই তরুণীর কথিত প্রেমিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনির হোসেন শুভ, বিল্লাল ওরফে আল আমিন ও সুজন ওরফে সবুজ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এর আগে ১৮ ফেব্রুয়ারি ওই তিন আসামিকে দুই দিন করে রিমান্ড দেয় আদালত। সেদিন মামলার এজাহারে নাম থাকা ডালিয়া আক্তার দিনা নামে এক নারীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, মাস ছয়েক আগে নির্যাতিত মেয়েটির সঙ্গে শুভর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে ওই তরুণী গ্রামের বাড়ি গেলে শুভ তাকে বিয়ে করার কথা বলে ঢাকায় আসতে বলে এবং ভাড়াবাবদ ৬৫০ টাকা পাঠায়।

গত ১১ ফেব্রুয়ারি ওই তরুণী পটুয়াখালী থেকে রওনা দিয়ে পরদিন ঢাকায় পৌঁছায়। সেখান থেকে শুভ তাকে লালবাগ বেড়িবাঁধ এলাকায় দিনার বাসায় নিয়ে যায়। দিনার সহায়তায় শুভ ওই তরুণীকে ধর্ষণ করে বলে এজাহারে বলা হয়।

পরে গত ১৪ ফেব্রুয়ারি শুভ ওই তরুণীকে বিল্লালের বাসা মুগদায় নিয়ে যায়। সেখানে শুভর উপস্থিতিতে বিল্লাল ও সুজন তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

গত ১৬ ফেব্রুয়ারি ওই তরুণীকে রিকশায় করে টিএসসি এলাকায় রেখে চলে যায় বিল্লাল। এ ঘটনায় পরদিন ওই তরুণীর বাবা লালবাগ থানায় মামলা দায়ের করেন।