হৃদয় দিয়ে শহীদ স্মরণ, একুশের অনুভব দেয়াল ছুঁয়ে
বাঙালির গর্বের শহীদ মিনারের রঙ কেমন তা তাদের অজানা, এতদিন শুধু অন্যদের কাছ থেকে শুনেই স্মৃতির মিনারের কল্পনা করেছে তারা; অনুভব করেছে ভাষা শহীদদের। তবে সালাম-বরকতদের স্মরণে এবার বাধা হতে পারেনি দৃষ্টির সীমাবদ্ধতা।
সীমাহীন অন্ধকার ভেদ করার আলো নেই যাদের চোখে, সেই শিশুরাও এবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে।
অনুভব করেছে হৃদয় দিয়ে, স্পর্শে স্পর্শে বুঝতে চেয়েছে ভাষার জন্য ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির অনুভব, প্রেরণা নিয়েছে সুপ্ত শক্তিতে জেগে ওঠার।
দৃষ্টিহীনদের জন্য এবার ভাষা শহীদ ও সংগ্রামীদের স্মরণের এমন সুযোগ এসেছে মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে; ফ্রেশ সিমেন্টের উদ্যোগে নির্মাণ করা হয়েছে বিশেষ শহীদ মিনার।
এ শহীদ মিনারের দেয়ালে ব্রেইল দিয়ে খোদাই করা আছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেব্রুয়ারি’ গানটির কিছু অংশ এবং ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস।
সোমবার সকালে বাবা-মা, শিক্ষকদের হাত ধরে বিশেষ এ শহীদ মিনারে ফুল দিতে এসে দৃষ্টিশক্তিহীন বিশেষ শিশুরা এ দেয়াল ছুঁয়ে ছুঁয়েই অনুভব করেছে ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা সেই বীরদের।
এই শিশুরাও জানে দেশের কথা, মুক্তিযুদ্ধের কথা, ভাষার জন্য জীবন দেওয়া শহীদ সালাম, রফিক ও জব্বারের কথা। তাদেরও ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ইচ্ছা ছিল বহুদিনের।
তাদেরই একজন ছয় বছর বয়সী মুসকান মাওলা আয়ান। কালো পাড়ের সাদা শাড়ি পরে বাবা-মার সঙ্গে শহীদ মিনারে ফুল দিয়েছে এ শিশু। শহীদদের স্মরণ করে কিছুক্ষণ তাদের সালাম দিয়েও দাঁড়িয়ে ছিল।
আয়ানের অনুভূতি, “কয়েকদিন ধরেই শিক্ষকরা বলছিল এখানে শহীদ মিনার হবে, অপেক্ষা করছিলাম কবে একুশে ফেব্রুয়ারি আসবে। আজকে ফুল দিয়ে খুব ভালো লেগেছে। ওনাদের সালামও দিয়েছি।”
মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় শাহির আজফি আরিজ
"এ শহীদ মিনারে ব্রেইলে লেখা থাকায় ওরা এটা বুঝতে পারবে। এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এই যে আজকে ফুল দিয়ে সে ভীষণ খুশি।”
দৃষ্টিশক্তি না থাকলেও এই শিশুরা চায় আর দশটা স্বাভাবিক মানুষের মতো করে চলতে। কিন্তু সে সুযোগ না পাওয়ায় সমাজের মূলধারার বাইরেই থেকে যায় তাদের অধিকাংশ।
ঈশিতা সুলতানা মনে করেন, সমাজের সবক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ বাড়লে তারা নিজেদের নিয়ে হীনমন্যতায় ভুগবে না।
“ওদেরকে আমরা আলাদা করে রাখি। এ কারণে ওরা হীনমন্যতায় ভোগে। সবক্ষেত্রে ওদের অংশগ্রহণ বাড়ালে ওরা নিজেদের সমাজের অংশ মনে করবে। ওরা এগিয়ে যাবে।”
আয়ানের মতো ১২ বছর বয়সী শাহির আজফি আরিজও শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
আরিজ জানান, রাত থেকেই মুহূর্তটির জন্য তার অপেক্ষা শেষই হচ্ছিল না।
“শহীদ মিনারে ফুল দিয়ে অনেক খুশি লাগছে। ব্রেইলে লেখাও আছে। সবাই চলে গেলে ব্রেইলে লেখা পড়ব।”
তার মা জান্নাতুল সুলতানা মনিকা জানান, সাড়ে ছয় মাসের প্রি-ম্যাচিউরবেবি হিসেবে জন্ম নেওয়ার পর অতিরিক্ত অক্সিজেন দেওয়ার কারণে আরিজ দৃষ্টি হারিয়ে ফেলে।
মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় পাঁচ বছর বয়সী ফাইজা
“আজকে এখানে এসে ওর অনেক ভালো লেগেছে। এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
তিনি মনে করেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তাদের দুর্বলতা বুঝতে না দিয়ে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা-সহযোগিতা দেওয়া উচিত।
“আমি কখনও ওকে বুঝতে দেই না যে, ও দেখতে পায় না। ওর যেটায় আগ্রহ সেটা ওকে করতে দেই। ওকে যতটুকু পারি, সময় দেই।”
শহীদ মিনারে দুই সন্তানকে নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা প্রিয়া। প্রিয়ার দুই সন্তান ৫ বছর বয়সী ফাইজা ও ১০ বছর বয়সী জারিফ জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী।
জারিফ শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে ভীষণ আনন্দিত।
“অনেক আনন্দ লাগছে। শহীদ মিনারে অনেক মানুষের ভিড় থাকায় আসলে ওখানে যাইনি কখনও। কিন্তু শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ইচ্ছা ছিল অনেক। আজকে সেটা পূরণ হল।”
জারিফের মা প্রিয়াঙ্কা বলেন, “আমরা প্রতিবন্ধী বাচ্চাদের আড়ালে রাখতে চাই। কিন্তু ওদেরও তো স্বাভাবিক জীবনযাপনের অধিকার আছে। মূল শহীদ মিনারে হয়ত নানা কারণে ওদের নিয়ে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না।
“কিন্তু এই শহীদ মিনারে ওরা ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করছে, দেশকে অনুভব করতে পারছে। ওদের মাঝেও ভাষা আন্দোলনের অনুপ্রেরণা জাগ্রত হচ্ছে। এভাবেই ওরা নিজেদের সমাজের অংশ মনে করছে।”
সমাজের সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ বাড়ানোর জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের পাশাপাশি কল্যাণী ইনক্লুসিভ স্কুলের শিক্ষক ও মেঘনা গ্রুপের কর্মকর্তারা সোমবার সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
তিনি বলেন, “আমরা প্রতিবছরই ডামিতে শিশুদের নিয়ে ফুল দিতাম। কিন্তু ওরা তো জানত না শহীদ মিনারটা কেমন? আজকে সেটা জানল। সব শিশুই ভীষণ উচ্ছ্বসিত। এ ধরনের উদ্যোগ যত বেশি হবে, ততই শিশুরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সবার সঙ্গে স্বাচ্ছন্দ্যে মিশতে পারবে।”
সোমবার সকালে স্কুলের দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কথাসাহিত্যিক আনিসুল হক, কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রি ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক খোরশেদ আলম, সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন বিশেষ এ শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
