২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টলে ভিন্ন প্রকাশনীর বই: বইমেলায় নেমেছে টাস্কফোর্স

অমর একশে বইমেলায় এক প্রকাশনীর নামে স্টল বরাদ্দ নিয়ে বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি এবং পাইরেটেড বই ঠেকাতে মাঠে নেমেছে টাস্কফোর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 11:19 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

বইমেলার তৃতীয় দিন বৃহস্পতিবার বিকালে বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমানের নেতৃত্বে এই টাস্কফোর্স বিভিন্ন স্টলে অভিযান চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজকে প্রথমবারের মত মেলায় টাস্কফোর্স নেমেছে। পাইরেটেড বই না পেলেও বিভিন্ন স্টলে আমরা দেখেছি, এক প্রকাশনী অন্য প্রকাশনীর বই বিক্রি করছে। আমরা প্রথমাবার তাদের সতর্ক করে দিয়েছে যে, আপনার এগুলো সরিয়ে ফেলেন। এগুলো বিক্রি করা যাবে না। পরবর্তী দিন পেলে আপনাদের স্টলে কার্যক্রম বন্ধ করে দেব।”

বইমেলায় সবাই যাতে মাস্ক পরে এবং স্বাস্থবিধি মেনে চলে, সেজন্যও টাস্কফোর্স নিয়মিত নজরদারি করবে বলে জানান লোকমান।

তৃতীয় দিনে জমজমাট বইমেলা

করোনাভাইরাস মহামারীর মধ্যে শুরু হওয়া অমর একুশে বইমেলায় তৃতীয় দিনে এসে নানা বয়সী মানুষের পদচারণায় জমজমাট চেহারা পেল। বিকাল ৩ টায় মেলা শুরু হওয়ার পর ক্রেতা-দর্শনার্থী তেমন না থাকলেও সন্ধ্যায় মানুষের ঢল নামে।

অনিন্দ্য প্রকাশের বিক্রয়কর্মী সুজন ঘোষ বলেন, “লোকসমাগম ভালো, মেলার প্রথম দিক হিসেবে বিক্রিও ভালো হচ্ছে। যত দিন গড়াবে লোক সমাগম বাড়বে, বিক্রিও বাড়বে।”

এই স্টলে সায়েন্স ফিকশন, থ্রিলার ও উপন্যাস বেশি বিক্রি হচ্ছে বলে জানান সুজন।

ভাষাচিত্র প্রকাশনীর প্রধান সম্পাদক খন্দকার সোহেল বলেন, “লোকজন প্রথম দিকে বই দেখতেই আসে, মেলার মাঝামাঝি পর্যায়ে বই বিক্রি বাড়ে। তবে আগে মেলায় প্রবেশ করে বইয়ের সাথে সম্পর্ক তৈরির একটা প্রয়াস দেখা যেত পাঠকের। সেটা এখন কিছুটা বদলেছে। এখন অনেকেই মেলায় আসনে শুধু ঘুরতে।”

ভাইরাসের সংক্রমণ কমে আসায় ২২ ফেব্রুয়ারি খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তখন পাঠক সমাগম আর বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন শিখা প্রকাশনীর সত্ত্বাধিকারী কাজী নাফিজুল ইসলাম।

আদর্শ প্রকাশনীর নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম পলাশ বলেন, “মেলার তৃতীয় দিনে এসে এত মানুষ আসলে চিন্তা করা যায় না। আগামীকাল শুক্রবার ছুটির দিনে ভিড় আরও বাড়বে। মেলায় কেনা-বেচাটা মুখ্য বিষয় না, প্রাণের মেলায় প্রথম দিক থেকে মানুষ আসছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস।”

মেলার মাঠে শিক্ষামন্ত্রী

মেলার তৃতীয় দিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধন করতে উপস্থিত হলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বললেন, “ভাষার মাসে বইমেলা মানেই ভাষা ও স্বাধীনতার প্রতি আলাদা সম্মান। এই আয়োজনে যখন আসি, তখন এমনিতেই ভালো লাগে।”

ঢাকা রিপোর্টাস ইউনিটির প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, “স্বাধীন সংবাদমাধ্যম, স্বাধীন সাংবাদিকতা এবং মানসম্পন্ন সাংবাদিকতা জাতির এগিয়ে যাওয়ার জন্য খুব জরুরি।”

মূল মঞ্চের অনুষ্ঠান

বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বাংলাদেশের চলচ্চিত্র ও নাটক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

সেখানে বাংলাদেশের নাটক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করে বাবুল বিশ্বাস বলেন, “মুক্তিযুদ্ধ-জাত বাংলাদেশে মঞ্চনাটক সাংস্কৃতিক জগতে বিপ্লব সৃষ্টি করলেও সমাজ ও রাষ্ট্রে জেঁকে বসা অশুভ শক্তি নাটকের স্বাধীন বিকাশকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছে বারবার। এ অবস্থার অবসান ঘটাতে মুক্তিযুদ্ধের চেতনায় নাট্যচর্চার কোনো বিকল্প নেই।”

বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মোমিন রহমান। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্র বিষয় এবং নির্মাণশৈলীতে অনেকদূর অগ্রসর হয়েছে, তবে বিশ্বমানের চলচ্চিত্র তৈরিতে এখনও অনেক কিছু করার আছে।

“মুক্তিযুদ্ধের চেতনা সংস্কৃতির অন্যান্য ক্ষেত্রের মত আমাদের চলচ্চিত্রের যথাযথ বিকাশেও কার্যকর ভূমিকা পালন করতে পারে।” 

সভাপতির বক্তব্যে রামেন্দু মজুমদার বলেন, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট তুলে আনা যেতে পারে।

“নতুন প্রজন্মের তরুণ নির্মাতাগণ শিল্পমানসম্পন্ন, জীবনমুখী চলচ্চিত্র নির্মাণ করছেন, যা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আর নাটকের ক্ষেত্রে বলা যায়, স্বাধীনতার সুবর্ণফসল বাংলাদেশের নাটক। স্বাধীনতা-পূর্ব বাংলাদেশে প্রতিবাদী নাটকের যে ধারা তৈরি হয়েছিল তা স্বাধীনতা-পরবর্তী নাটকের ধারাকে সমৃদ্ধ করেছে।” 

মেলায় নতুন বই

বাংলা একাডেমি জানিয়েছে, মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৪১টি।

Image
একুশে বই মেলার তৃতীয় দিনে বৃহস্পতিবার একটি স্টলে বই দেখছেন কয়েকজন তরুণী। ছবি: মাহমুদ জামান অভি

একুশে বই মেলার তৃতীয় দিনে বৃহস্পতিবার একটি স্টলে বই দেখছেন কয়েকজন তরুণী। ছবি: মাহমুদ জামান অভি

এর মধ্যে তিনটি গল্পগ্রন্থ, একটি প্রবন্ধ সংকলন, ১৫টি কবিতার বই, চারটি গবেষণাগ্রন্থ, চারটি ছড়ার বই, জীবনী চারটি, মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি, বিজ্ঞান বিষয়ক দুটি, ভ্রমণ বিষয়ক দুটি ও বঙ্গবন্ধুর ওপর তিনটি বই রয়েছে।

শুক্রবার থাকছে না শিশুপ্রহার

শুক্রবার ছুটির দিনে বেলা ১১টায় বইমেলা শুরু হবে এবং রাত ৯টা পর্যন্ত তা চলবে।

তবে পূর্বঘোষণা অনুযায়ী কোভিড পরিস্থিতির কারণে এবার মেলার প্রথম শুক্রবার শিশুপ্রহর থাকছে না।