২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৫ দিন আটকে রেখে ধর্ষণ’: বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার

‘পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের পর’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক কিশোরীকে ফেলে যাওয়ার ঘটনায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 11:32 AM

Updated : 28 Apr 2022, 11:41 PM

বুধবার রাতে রাজধানীর চকবাজার এলাকা থেকে মনির হোসেন শুভ (২২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার সকালে র‌্যাবের এক বার্তায় জানানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মইন দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের’ এই ঘটনার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এলে তাদের বাহিনী তৎপর হয়।

পরে ওই কিশোরীর সঙ্গে কথা বলে জানা যায়, শুভ ও আল আমিন নামের দুইজনের বিরুদ্ধে তার অভিযোগ।

“তার অভিযোগের ভিত্তিতে রাতে চকবাজার এলাকার এক বাসায় অভিযান চালিয়ে শুভকে গ্রেপ্তার করা হয়।”

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী শুভ র‌্যাবের কাছে দাবি করেছেন, তার এক বন্ধুর মাধ্যমে ওই কিশোরীর সঙ্গে পরিচয়। একমাস ধরে তাদের ‘সম্পর্ক’।

“শুভ আমাদের বলেছে, গত এক মাসে পাঁচ থেকে সাতবার তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ ও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি শুভ এড়িয়ে গেছে,” বলেন মঈন।

এক তরুণী বুধবার সন্ধ্যায় টিএসসি এলাকায় ওই কিশোরীকে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ ১৪ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে কথা বলে জানতে পারে, তার বাসা পুরান ঢাকার লালবাগে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়’ মেয়েটিকে অপহরণ করা হয় বলে সে জানিয়েছে।

“আল আমিন ও শুভ নামে দুইজন চেতননাশক কিছু খাইয়ে তাকে অজ্ঞাতস্থানে আটকে রেখে প্রায় পাঁচ দিন ধরে পাশবিক নির্যাতন চালায়। পরে বুধবার সন্ধ্যার পর তাকে ফেলে রেখে চলে যায়।”

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলাল উদ্দিন হাসপাতালে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাকে যে জায়গা থেকে অপহরণ করার কথা বলা হচ্ছে, সেটা হাজারীবাগ থানা এলাকায়। তার সাথে প্রাথমিক কথা বলে আমরা জেনেছি, ওই কিশোরীকে বাসাবোতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। বিষয়টি এখন হাজারীবাগ থানা পুলিশ দেখছে।“

হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় এখনও মামলা হয়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।“