২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণীদের গ্রাম থেকে এনে বিক্রি করত তারা, পাঠানো হত দুবাইতে: র‌্যাব

মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব বলেছে, চাকরির কথা বলে গ্রাম থেকে সুন্দরী তরুণীদের এনে তারা একটি চক্রের কাছে বিক্রি করত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 12:39 AM

Updated : 02 Aug 2022, 02:56 PM

এ পর্যন্ত ৮০ জন তরুণীকে তারা ওই চক্রের কাছে বিক্রি করেছে, যাদের বিদেশে বিশেষ দুবাই পাঠিয়ে যৌন ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত করতে বাধ্য করা হয়েছে।

সোমবার র‌্যাব- ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন মানবপাচার ও গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, র‌্যাব-১ গত রোববার রাতে মোঃ আজিজুল হক (৫৬), মোঃ মোছলেম উদ্দিন ওরফে রফিক (৫০) ও মোঃ কাউছারকে (৪৫) ঢাকা বিমানবন্দর থানাধীন মনোলোভা রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেপ্তার করে।

এসময় তাদের সঙ্গে থাকা তিনজন তরুণীকে উদ্ধার করা হয়, যাদের দুবাই পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

কর্নেল আব্দুল্লাহ বলেন, দুবাইতে বসে মহিউদ্দিন (৩৭) ও শিল্পী (৩৫) নামের দুইজন বাংলাদেশে অবস্থান করা আজিজুলের সঙ্গে যোগাযোগ করে তরুণীর চাহিদা দিতেন। সে অনুযায়ী মাঠ পর্যায় থেকে রফিক ও কাউছার উচ্চ বেতনের চাকুরির প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে নিরীহ তরুণীদের ঢাকায় নিয়ে আসতেন।

পরে এসব তরুণীকে দুবাই পাঠানো হত, যাদের যাওয়ার খরচ দিতেন মহিউদ্দিন বলে আজিজুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে।

নূর নবী ওরফে রানা (৩৫) ও মনজুর হোসেন (৩৩) নামের আরও দুইজন তাদের গ্রুপের সক্রিয় সদস্য। তারাও গ্রাম থেকে তরুণীদের আনাসহ দেশের বাইরে পাঠানোর বিষয়ে সমন্বয় করতেন।

গ্রেপ্তার আজিজুলের উদ্ধৃতি দিয়ে র‌্যাব বলেছে, তারা এ পর্যন্ত ৮০ জন তরুণীকে দেশের বাইরে পাঠিয়েছে; যাদের অধিকাংশই দুবাইয়ের বিভিন্ন হোটেলে ও বারে কাজ করছে।

এসব তরুণীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, মানবপাচারের সঙ্গে জড়িতদের অনেককে নজরদারির মধ্যে আনা হয়েছে।