২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইটের আঘাতে’ চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৪

‘ইটের আঘাতে’ চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে বিক্রির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 05:43 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

মোবাইল ফোন ট্র্যাক করে অপরাধী শনাক্ত করার কাজে নিয়োজিত সিআইডির এলআইসি (ল’ফুল ইন্টারসেপশন সেল) শাখা রোববার গাইবান্ধা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- মো. মিরু মিয়া (২৪), মো. লাজু মিয়া (২৪), মো. সাগর মণ্ডল (৪২) এবং মো. বেলাল চৌধুরী (৪০)।

সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

গত ৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় গাইবান্ধার সাদুল্যাপুর থানার একবারপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পাশে মাথায় আঘাতের ক্ষতসহ ইজিবাইক চালক আব্দুল মজিদ মিয়ার (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি মজিদের স্ত্রী সাহিরন বেগম (৫০) সাদুল্যাপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তুলে ধরে পুলিশ সুপার মুক্তাধর জানান, মিরু মিয়া এবং মো. লাজু মিয়া হত্যা এবং ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাইবান্ধার খোলাবাড়ি এলাকা থেকে তারা সাদুল্যাপুর বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য নিহত আব্দুল মজিদের ইজিবাইকে ওঠে।

Image
সংবাদ সম্মেলনে ছিনতাইয়ের ঘটনার বিস্তারিত জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর

সংবাদ সম্মেলনে ছিনতাইয়ের ঘটনার বিস্তারিত জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর

“বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর আব্দুল মজিদ তাদেরকে নেমে যাওয়ার কথা বললে তারা আরও একটু সামনে যাবেন জানিয়ে সময় কাটাতে থাকেন।”

হত্যা এবং ছিনতাইয়ের সঙ্গে তারা দুজনই সরাসরি জড়িত বলে সংবাদ সম্মেলনে জানান গোয়েন্দা কর্মকর্তা।

“এই দুই আসামি রাত সাড়ে ৮টায় মজিদ মিয়াকে একবারপুর গ্রামের রয়েল মিয়ার পরিত্যক্ত ইটভাটার ভেতর নিয়ে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে ইজিবাইকটি নিয়ে দ্রুত বগুড়া শহরে চলে আসে।”

পরে তারা বগুড়া সদরের কামারগাড়ির পুকুরপাড় মার্কেট এলাকায় গ্রেপ্তার সাগর মণ্ডলের মালিকানাধীন ‘মেসার্স রাফি ভাঙ্গারি’ দোকানে নগদ ১০ হাজার টাকায় ব্যাটারি ছাড়া ইজিবাইকটি বিক্রি করেন বলে জানান তিনি।

এরপর বগুড়ার বারোপুর বন্দরে গ্রেপ্তার মো. বেলাল চৌধুরীর মালিকানাধীন ‘নাসিফ ট্রেডার্স’ নামে লুব্রিকেট তেল ও ব্যাটারির দোকানে ২০ হাজার ৭০০ টাকায় চীনের পাওয়ার প্লাস ব্র্যান্ডের ১২ ভোল্টের পাঁচটি ব্যাটারি বিক্রি করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি গাইবান্ধা, বগুড়া, পঞ্চগড়, রংপুর, পাবনা, যশোরসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে এভাবে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা বেড়েছে।

ছিনতাকারীরা যাত্রীবেশে ইজিবাইকে উঠে তাদের সুবিধামতো জায়গায় নিয়ে চালকের কাছে থাকা টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস কেড়ে নেয়। তাতে বাধা দিলে চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে যায়।