মেরিন ক্যাডেটদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের দেশপ্রেম, সততা, আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ৫৬তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “মনে রাখবে, তোমরা শুধু নির্ভিক সমুদ্রচারী নও, তোমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করো। বাংলাদেশের দূত হিসেবে তোমরা কাজ করো। তোমাদের দেশপ্রেম, সততা, আত্মবিশ্বাস, পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
“যখন এক দেশের পণ্য আরেক দেশে জাহাজে বয়ে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশের হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতি তুলে ধরবে। তোমাদের সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা ভবিষ্যত ক্যাডেটদের জন্য পাথেয় হয়ে থাকবে। “
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যারা একের পর এক সরকার গঠন করেছিল, তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বা স্বাধীন রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে তার পদক্ষেপ ‘তেমনভাবে নেয়নি’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “বরং তারা দুর্নীতি, স্বজনপ্রীতি- এতেই বেশি ব্যস্ত ছিল।”
দেশের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরার পাশপাশি বর্তমান আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও অনুষ্ঠানে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “নদীমাতৃক বাংলাদেশ, বিশাল সমুদ্রসীমা আমাদের। এই সমুদ্রসীমা অর্জনের জন্য জাতির পিতা আইন করে দিয়েছিলেন সত্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, ১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর যারা ক্ষমতায় এসেছিল, তারা কেউ আমাদের সমুদ্রসীমায় যে আমাদের অধিকার আছে, এই বিষয়টি কখনো তারা নজরে আনেনি বা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।”
১৯৯৬ সালে সরকারে আসার পর আওয়ামী লীগ সরকার এ বিষয়ে কার্যক্রম শুরু করে জানিয়ে শেখ হাসিনা বলেন, “তথ্য উপাত্ত সংগ্রহ করা থেকে শুরু করে আন্তর্জাতিক আইন বা ভারত ও মিয়ানমার- দুটো দেশের সঙ্গে আমাদের যে সমুদ্রসীমা, দুই দেশের সঙ্গে আলোচনা, সব কাজ আমরা অনেক দূর এগিয়ে যাই।”
২০০১ সালে আওয়ামী লীগ সরকারে আসতে না পারায় কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “২০০৯ এ যখন সরকার গঠন করি, তখন মাত্র হাতে সময় ছিল দুই বছর,… নিয়ম হচ্ছে দশ বছরের মধ্যে আমাদেরকে শুধুমাত্র তথ্য উপাত্ত সংগ্রহ করে আমাদেরকে আন্তর্জাতিক আদালতে পেশ করতে হবে। আমরা অত্যন্ত দক্ষতার সাথে সেই কাজ সম্পন্ন করে এক দিকে যেমন দুটি বন্ধুপ্রতীম দেশের সঙ্গে আলোচনা অব্যাহত রাখি, আবার আন্তর্জাতিক আদালতে …সেখানে আমরা জয় লাভ করি।
“যে সমুদ্রসীমা আমরা অর্জন করেছি, সেখানে বিশাল সমুদ্র সম্পদ রয়েছে। এই সম্পদ আহরণ করে আমরা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারব বলে আমরা আশা করি।”
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি জাতির পিতা ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)’ প্রতিষ্ঠা করেন।চট্টগ্রাম ও মোংলা দুই বন্দরে যুদ্ধের সময় জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল, মাইন পাতা হয়েছিল। বঙ্গবন্ধু দুই বন্দরকে মাইনমুক্ত করার ব্যবস্থা নেন।
“বিভিন্ন দেশের সহায়তায়, বিশেষ করে রাশিয়া থেকে এক্সপার্ট নিয়ে চট্টগ্রামের এই মাইন অপসারণ করেন। সেখানে দুজন রাশিয়ান জীবনও দেয়। কাজেই সেই মাইন মুক্ত করে এই পোর্টগুলো তিনি চালু করেছিলেন।”
যুক্তরাজ্যে বাংলাদেশি মেরিনারদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি চালু করা এবং চট্টগ্রাম ড্রাইডক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজের নির্মাণকাজ শুরু করার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সে সময় ১০০০ টন ধারণ ক্ষমতার জাহাজও বাংলাদেশে তৈরি হচ্ছিল।১৯৭২ থেকে ৭৫ সালের মধ্যে বিএসসির জন্য ১৯টি সমুদ্রগামী জাহাজ সংগ্রহ করা হয়েছিল, আরও ৯টি জাহাজ সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন জাতির পিতা।
শেখ হাসিনা বলেন, “২০১৩ সালে আমরা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠা করেছি।পূর্বের তিন বছর মেয়াদী ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স পাস কোর্সকে ২০১৫ সালে চার বছর মেয়াদী অনার্স কোর্সে উন্নীত করেছি।২০১৮ সালে ‘মাস্টার অব মেরিটাইম সায়েন্স’ চালু করেছি। প্রশিক্ষণকে যুগোপযোগী করতে ক্যাপ্টেন জাকারিয়া মেরিন সিমুলেশন সেন্টারে ২০১৯ সালে ‘নেভিগেশন সিমুলেটর’ স্থাপন করেছি। এবছর ‘ইঞ্জিন কন্ট্রোল সিমুলেটর’ স্থাপন করব।
“বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর অংশীদারি প্রতিষ্ঠান হিসেবে আমরা বাংলাদেশ মেরিন একাডেমিকে উন্নীত করেছি।ফলে বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একাডেমির গ্রহণযোগ্যতা যেমন বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমরা এবছর জানুয়ারি থেকে পাবনা, বরিশাল, রংপুর ও সিলেটে আরও চারটি মেরিন একাডেমির কার্যক্রম চালু করেছি “
প্রধানমন্ত্রী বলেন, “আমার ইচ্ছে আছে আমাদের প্রত্যেকটা বিভাগে একটি করে মেরিন একাডেমি চালু হবে।যেখানে আমাদের ছেলেমেয়েরা শুধু প্রশিক্ষিতই হবে না, দেশে বিদেশে তাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে। এবং আমাদের বেকার সমস্যা দূর হবে।”
নবীন ক্যাডেটদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, “যারা দু’বছর আগে এই অ্যাকাডেমিতে যোগদান করেছিলে, কঠোর প্রশিক্ষণ আর রুটিন মাফিক দৈনন্দিন চালচলন তোমাদের জীবনে নতুন মাত্রা যোগ করেছে।আমি আশা করি, তোমাদের অভিভাবকরা নিশ্চয়ই আজকের দিনে আনন্দিত।অনেক ধরনের প্রতিকূলতা আসবে, সেগুলোর চ্যালেঞ্জ মোকাবেলা করবার মত সক্ষমতা তোমরা অর্জন করেছ।”
সমুদ্রচারণ যে সাধারণ কোনো পেশা নয়, সে কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, “এ পেশায় আত্মনিয়োগ করলে সমুদ্রের প্রতি একটা তীব্র আকর্ষণ সৃষ্টি হয়।
“বিশ্ব বাণিজ্যের ৮০ শতাংশ পণ্য সমুদ্র পথেই পরিবহণ হয়ে থাকে।আর বে অব বেঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা।তাই বিশ্ব অর্থনীতিকে গতিশীল রাখতে মেরিন ক্যাডেটদের ভূমিকা অপরিসীম।”
জীবন ধারনের জন্য খাদ্য, জীবন রক্ষাকারী ঔষধসহ শিল্পায়নের যন্ত্রপাতির মত প্রয়োজনীয় পণ্য পরিবহন বিঘ্নিত হলে গোটা বিশ্বই স্থবির হয়ে যাবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “বৈশ্বিক মহামারীর কারণে বহু সংখ্যক মেরিন অফিসার ও মেরিন ইঞ্জিনিয়ার সমুদ্রে আটকা পড়েছিল। তবে আমি আনন্দিত যে মানসিকভাবে তারা ভেঙে পড়েনি।দায়িত্ব পালনে বিন্দুমাত্র অবহেলা করেনি।”
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার মহাসচিবের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশও মহামারীর মধ্যে অবিরাম দায়িত্ব পালন করা মেরিন অফিসার/ইঞ্জিনিয়ারদের ‘কি-ওয়ার্কার’ হিসাবে স্বীকৃতি দিয়েছে বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, “শুধুমাত্র বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির প্রায় পাঁচ হাজার প্রশিক্ষিত ক্যাডেট সংশ্লিষ্ট ক্ষেত্রে সেবা প্রদানের মাধ্যমে প্রতি বছরে আমাদের অর্থনীতিতে প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলার যুক্ত করে থাকেন।তাছাড়া প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।”
নবীন ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, “আমি এটাই বলব, যে কর্মক্ষেত্রে সততা, দক্ষতার সাথে সব সময় কাজ করবে।তার ফলে নিজের যেমন ভালো লাগবে, দেশের মান বজায় থাকবে এবং দেশ আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে।”
অন্যদের মধ্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ ঊর্ধতন কর্মকর্তারা চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমিতে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
