২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর জীবনযুদ্ধে সমব্যথী পুরুষকেও ‘ভুগতে হচ্ছে’

পুরুষতান্ত্রিক সমাজে নির্যাতন-সহিংসতার মধ্যে নারীর জীবনযুদ্ধে সমব্যথী হয়ে পাশে দাঁড়ানো পুরুষের ভোগান্তির চিত্র উঠে এসেছে গল্প বলার এক অনুষ্ঠানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 01:06 AM

Updated : 02 Aug 2022, 02:54 PM

দেশে প্রথমবারের মতো গল্প বলার প্ল্যাটফর্ম ‘স্বয়ং' আয়োজিত ‘স্টোরিটেলিং ফেস্টিভ্যাল’ এর ব্যতিক্রমী টকশো ‘আঙুর ফল টক’ এ নারীবাদের অন্যরকম গল্প তুলে ধরেন বক্তারা।

শুক্রবার রাজধানীর গুলশানে লেক ক্যাসেল হোটেলে শুরু হওয়া দুদিনের এই আয়োজনে অনলাইন প্ল্যাটফর্ম ‘বেয়ন্ড ক্যানডিড’ এর উদ্যোক্তা মাসুদ পারভেজ অভি জানান, নারীবাদী হওয়ায় তাকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে।

“পুরুষ নারীবাদী বলে অনেকে বিষয়টা নানাভাবে নেয়। এটা মেনে নিতে পারে না কেউ। তারা মনে করে, নারীদের কাছ থেকে সুযোগ নেওয়ার জন্য নারীবাদের লেবাস পরেছি। অনেকে অবজ্ঞা করে।”

তবে সমাজে নারীর অবস্থার পরিবর্তন চাইলে এর মধ্যেই কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, “আমরা যদি পরিবর্তন করতে না পারি, তাহলে পরবর্তী জেনারেশনে এটা থেকে যাবে। সেজন্য এখনই পদক্ষেপ নিতে হবে।”

অভির পরামর্শ, “আমরা যখনই অন্যায় দেখব, নারীকে ছোট করতে দেখব- সেখানেই যেন নিজেরা প্রতিবাদ করি। পরিবার বা অন্য যে কোনো জায়গা থেকে প্রতিবাদ করেল এটা কমে যাবে। না হলে পরিবর্তন শুরু হবে না।”

যোগাযোগ ও জেন্ডার বিশেষজ্ঞ সামিনা ইয়াসমীন মনে করেন, নারীবাদী মানেই বড় টিপ, স্লিভলেস ব্লাউজ পড়া, মালা পড়ে ঘুরে বেড়ানো, বড় গলার ব্লাউজ পড়া- এ ধরণের একটি ধারণা সমাজে চলে এসেছে।

এসবের মধ্য দিয়ে নারীবাদ নিয়ে কাজ করছে এমন মানুষদের কাজকে ছোট করা হচ্ছে বলেও মনে করেন তিনি।

সমাজে লিঙ্গ বৈষম্য কমানোর বিষয়ে সামিনা ইয়াসমীন বলেন, ‍‍“আমরা নিজেরাই সমস্যা তৈরি করছি। নিজেরাই আবার বিষয়গুলোকে সহজ করে নিচ্ছি। এসবের সমাধান করছি না, এজন্য পুরুষতান্ত্রিকতা বেড়েই যাচ্ছে।”

তৃতীয় লিঙ্গের মানুষের জীবন উন্নয়নে কাজ করা সংগঠন ‘ট্রান্সএন্ডের’ প্রতিষ্ঠাতা তানহা তানজীম বলেন, “তৃতীয় লিঙ্গের সদস্যদের মা কখনো ফেলতে চান না। কিন্তু পরিবারের ভাই, বাবা মেনে নিতে না পারায় তাদের ঘর ছাড়তে হয়।”

এ ক্ষেত্রে পরিবারের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “ছেলে-মেয়েদের মধ্যে জেন্ডার বেইজড যে ধারণা সমাজ তৈরি করছে, সেটা একটা শিশু পরিবার থেকে ফেইস করতে শুরু করে। এটাই মগজে পুরুষতান্ত্রিকতা ঢুকিয়ে দিচ্ছে।

“পরিবার থেকে পরিবর্তন আনতে হবে প্রথমে। শিশুদের উপর কিছু চাপিয়ে দেওয়া যাবে না। তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার দিতে হবে।”

‘স্বয়ং’ এর মো. মুনতাসীর বলেন, “সমাজের অবিচার ও সহিংসতার গল্পগুলো পরিসংখ্যানে আটকে থাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, লিঙ্গ বৈষম্য নিয়ে অনেক নিউজ হয়। কিন্তু পেছনের গল্পগুলো সামনে আসে না। সে কারণে ঘটনাগুলোর সমাধান হয় না।”

গল্প বলার প্ল্যাটফর্ম ‘স্বয়ং’ এর প্রতিষ্ঠাতা শাতিল বিনতে মাহমুদ জানান, এ ধরনের ঘটনাগুলো তুলে এনে সামাজিক বৈষম্যগুলোর সমাধান করতে চান তারা।

করোনাভাইরাস মহামারীর মধ্যে যাত্রা শুরু করে ‘স্বয়ং’ এ পর্যন্ত ১২১ জন মানুষকে তাদের জীবনের না বলা কথাগুলো বলার সুযোগ করে দিয়েছে বলে জানান তিনি।

শাতিল বিনতে মাহমুদ বলেন, ‍“আমরা সমস্যাগুলোর সমাধান করতে চাই। লিঙ্গ বৈষম্যের অবসান চাই।”

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ‘ট্রান্সশিল্পী’ ও সাংবাদিক আকরামুল মোমেন। তিনি তার লেখা কবিতা ‘নাগরিক কুয়াশা’র ওপর পরিবেশনা করেন।

এছাড়া ‘মানববই’ হিসেবে উপস্থিত ছিলেন হুইলচেয়ার ক্রিকেটার মোহাম্মদ মোহসিন, নারীপক্ষের কামরুন নাহার, যৌনকর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করা সংগঠন বদল এর প্রতিষ্ঠাতা তানিশা সামরিন।