২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রিয়ার চ্যান্সেলরকে বাংলাদেশে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার টেলিফোন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 06:08 PM

Updated : 02 Aug 2022, 02:50 PM

শুক্রবার বিকেল ৪টায় দুই দেশের সরকারপ্রধান বিভিন্ন বিষয়ে ১০ মিনিটের মতো কথা বলেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দেশে কোভিড টিকা আসার প্রথমদিকে ১৫ লাখ টিকা উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।

কার্ল নেহাম্মার এসময় উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরও টিকা লাগে তা তারা দিতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক। বাংলাদেশের সঙ্গে তারা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির ওপর জোর দিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী।

এসময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং শেখ হাসিনাও তাকে আসার আমন্ত্রণ জানান।