ভঙ্গুর অবস্থা থেকে বেরিয়ে আসছে ডিএসসিসি: মেয়র তাপস
দীর্ঘ দিনের ভঙ্গুর অবস্থা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বেরিয়ে আসছে বলে দাবি করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার নগর ভবনের মেয়র হানিফ মিলনায়নে সার্বিক রাজস্ব আদায়ের পর্যালোচনা সভা ষান্মাসিক রাজস্ব সম্মেলনে তিনি এ দাবি করেন।
তাপস বলেন, “আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা ও কর্মদক্ষতায় গত অর্থবছরে আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করতে পেরেছি। করপোরেশনের ইতিহাসে এটাই সর্বোচ্চ রাজস্ব আয়। যে গতিতে এগিয়ে চলেছি, এ বছর আমরা ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় পারবো বলে আশাবাদী।
“একটি বিষয়ে আমরা ঢাকাবাসীকে নজর কাড়তে পেরেছি, ভরসা দিতে পেরেছি যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আর কোনো ভঙ্গুর সংস্থা নয়। দক্ষিণ সিটি করপোরেশন ঢাকাবাসীকে সেবা দেওয়ার মতো একটি অত্যন্ত দক্ষ ও যোগ্য প্রতিষ্ঠান, তা আমরা ঢাকাবাসীকে দেখাতে সক্ষম হয়েছি।”
মাঠ পর্যায়ের কার্যক্রমে আরও গতিশীলতা আনার নির্দেশনা দিয়েছেন মেয়র বলেন, “দপ্তরে, বাসায় লোকজন টাকা দিয়ে যাবে, এ ধরনের ধ্যান ধারণা একদম মুছে ফেলতে হবে। সপ্তাহে সুনির্দিষ্টভাবে কয়দিন মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করব, কয়দিন দাপ্তরিক কাজ সম্পন্ন করব, তা সমন্বয় করে সূচি করতে হবে। যারা মাঠ পর্যায়ে কাজ করবে তাদের কাজের যেন ঢেউ পাওয়া যায়।”
কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনায় কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াতে নানাবিধ উদ্যোগ তুলে ধরেন মেয়র তাপস। কর আদায়ে আরও বেশি দক্ষতা প্রমাণের নির্দেশনা দেন তিনি।
সম্মেলনে কর কর্মকর্তা, লাইসেন্স সুপারভাইজর, রেভিনিউ সুপারভাইজর, বাজার সুপারভাইজর, উপ-কর কর্মকর্তা, রেন্ট অ্যাসিস্ট্যান্টসহ রাজস্ব বিভাগের সব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান কর কর্মকর্তা আরিফুল হক, উপ-প্রধান কর কর্মকর্তা মো. শাহজাহান আলীও উপস্থিত ছিলেন।
